ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওয়াশিংটন এলাকার নিজ বাড়ি ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে উঠেছেন। এ বিষয়ে অবগত তিনটি সূত্র তথ্য জানিয়েছে। এসব তথ্য সংবেদনশীল। তাই ওই সূত্রগুলো নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি। তবে তারা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন কর্মকর্তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র আরও অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। বেসেন্টকে লক্ষ্য করে দেয়া হুমকি সম্পর্কে পাওয়া গোয়েন্দা তথ্যও এ মূল্যায়নের অন্যতম ভিত্তি। আগস্ট থেকে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে কঠোর নিষেধাজ্ঞা এবং বাণিজ্যপথে বিধিনিষেধ আরোপের অভিযান পরিচালনা করছেন বেসেন্ট।
ওই ভূমিকার কারণে ইরানের হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে তিনি প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়ে উঠেছেন বলে জানিয়েছেন সূত্রগুলো। বেসেন্টের বিরুদ্ধে হুমকির ভয়াবহতা ঠিক কতটা, তা স্পষ্ট নয়।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং বিদেশের অন্যান্য ভূখণ্ডে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত। তবে ব্যক্তিবিশেষকে লক্ষ্য করে ইরানের সুনির্দিষ্ট হুমকি রয়েছে, যেগুলোকে গুরুতর হিসেবে বিবেচনা করেছে মার্কিন কর্মকর্তারা। এর মধ্যে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অর্থের বিনিময়ে হত্যার ষড়যন্ত্রের ঘটনাও রয়েছে। এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর হুমকিতে বেসেন্ট দমে যাবেন না। ইরানের অর্থনীতিকে চাপে ফেলার অভিযান বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্প প্রশাসনের সর্বশেষ জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে বেসেন্ট ওয়াশিংটন এলাকার বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটি বা অন্য কোনো সুরক্ষিত আবাসনে উঠলেন। গত বছর অন্তত ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তা একই পদক্ষেপ নিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন বর্তমানে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।
শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকির পরিধি সম্পর্কে প্রশাসন বিস্তারিত কিছু জানায়নি। এসব হুমকির সবটার সঙ্গেই ইরানের সংশ্লিষ্টতা নেই। বন্ডির ক্ষেত্রে হুমকির একটি কারণ হিসেবে বলা হয়েছিল, ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাসের একটি গোপন আস্তানা থেকে তুলে এনে যুক্তরাষ্ট্রে ফেডারেল ফৌজদারি অভিযোগের মুখোমুখি করার পর তার বিরুদ্ধে হুমকি বেড়ে যায়। গত মাসে ইরান যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সরকারি কর্মীদের সতর্কতা বাড়ানো হয়। একই সঙ্গে দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কর্মীর সংখ্যা কমানোর উদ্যোগ নেয়া হয়। এ ছাড়া বৃটেনের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার সন্দেহজনক পরিকল্পনার খবর পাওয়ার পর সেখান থেকে আকস্মিকভাবে বোমারু বিমান সরিয়ে নেয় মার্কিন সামরিক বাহিনী।
বেসেন্টের নেতৃত্বে পরিচালিত অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য হলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অর্থের উৎস বন্ধ করে দেয়া। এটি ইরানের সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী শাখা। দেশটির অর্থনীতির বড় একটি অংশও এই বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু করেছিলেন, তাতে যুক্তরাষ্ট্রকে যেন আবার বড় ধরনের সামরিক অভিযান চালাতে না হয়, সেই লক্ষ্যেও এ অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। যুদ্ধটি যুক্তরাষ্ট্রে ব্যাপক অজনপ্রিয়। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার এ সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বেসেন্ট এবং প্রশাসনের অন্য কর্মকর্তারা দাবি করছেন, অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযান কাজ করছে। এতে ইরানের অর্থনীতি সংকুচিত হচ্ছে, দেশটির মুদ্রার পতন ঘটছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান দ্রুত অবনতি হচ্ছে।
তবে এ বিষয়ে সরাসরি অবগত দুই মার্কিন কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে, ইরানের কট্টরপন্থি নেতৃত্ব প্রায় যেকোনো মূল্যেই ক্ষমতা ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এ তথ্য থেকে ইঙ্গিত পাওয়া যায়, কেবল অর্থনৈতিক দুর্ভোগ সৃষ্টি করে ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব নাও হতে পারে। ২০২০ সালের জানুয়ারি থেকেই ট্রাম্পকে লক্ষ্য করে আসছে ইরান। ওই সময় ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। ২০২৪ সালে ফেডারেল কৌঁসুলিরা ফরহাদ শাকেরির বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনেন। কৌঁসুলিদের ভাষ্য অনুযায়ী, শাকেরি রেভ্যুলুশনারি গার্ডের একজন অপারেটিভ ছিলেন। সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতেই এ পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সোলাইমানিকে হত্যার ওই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিভাগের কয়েকজন কর্মকর্তাও ইরানের হুমকির মুখে পড়েছিলেন। বাইডেন প্রশাসন তাদের কয়েকজনের সরকারি নিরাপত্তা ব্যবস্থা বহাল রেখেছিল। কিন্তু ক্ষমতায় ফেরার পরপরই ট্রাম্প এসব নিরাপত্তা সুরক্ষা প্রত্যাহার করেন। এর মধ্যে তার এমন কয়েকজন সাবেক উপদেষ্টাও ছিলেন, যারা এখনো নিজেদের ট্রাম্পের মিত্র বলে মনে করতেন।