নতুন একটি ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। সেখানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থাও প্রদর্শন করা হয়েছে।
উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।
অনুষ্ঠানে স্থাপনাটিতে বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর উৎক্ষেপণব্যবস্থা প্রদর্শন করা হয়।
এর আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, আইআরজিসির মহাকাশ বাহিনী সপ্তাহ উপলক্ষে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী এবং আরও কয়েকটি সামরিক সক্ষমতা উন্মোচন করা হবে।
মোহেব্বি বলেন, মহাকাশ বাহিনী দ্রুতগতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন লাইন ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ কেন্দ্রে সরিয়ে নিয়েছে। শুধু ভূগর্ভস্থ অস্ত্র সংরক্ষণাগার নির্মাণেই সীমাবদ্ধ থাকেনি তারা; বরং মাটির গভীরে ‘ক্ষেপণাস্ত্র উৎপাদন নগরী’ গড়ে তুলেছে।
তিনি আরও বলেন, ইরানের নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা, বিস্তৃত ভূখণ্ড এবং নমনীয় উৎপাদন অবকাঠামোর কারণে ব্যাপক বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে।
সূত্র ; তাসনিম নিউজ