ভারতের উত্তর প্রদেশের বাগপতে দীপাবলির রাতে বাজি ফোটানো নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনাসদস্য। আহত সৌরভ কুমার ভারতের রাষ্ট্রপতি ভবনে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মাথা থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
গত ৮ নভেম্বর রাত নয়টার দিকে বাগপত জেলার গোপালপুর খদানা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সৌরভ তাঁর দুই ভাই বিনীত ও মিন্টুকে নিয়ে বাড়ির বাইরে বাজি ফোটাচ্ছিলেন। এ সময় তাঁদের প্রতিবেশী ধীরজ এসে বাজি ফোটানো নিয়ে আপত্তি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
পরে গ্রামের কয়েকজন বাসিন্দার মধ্যস্থতায় বিরোধ মিটে যায়। তবে কিছুক্ষণ পর সৌরভ আবার প্রতিবাদ জানালে নতুন করে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, এ সময় ধীরজ দেশি পিস্তল বের করে গুলি ছোড়েন। গুলিটি প্রথমে একটি দেয়ালে লাগে। এরপর সেটি সৌরভের মাথায় আঘাত করে।
বাগপতের পুলিশ সুপার পূর্ণেন্দু সিং বলেন, দেয়ালে আঘাত করার কারণে গুলির গতি কিছুটা কমে যায়। এতে সৌরভের বড় ধরনের ক্ষতি হওয়া থেকে রক্ষা হয়েছে।
এ ঘটনায় ধীরজের ভাই মোনু ওরফে প্রবীণের বিরুদ্ধেও হামলার অভিযোগ উঠেছে। তিনি লাঠি দিয়ে সৌরভের আরেক ভাই বিনীতকে মারধর করেন। পরে দুই ভাই ওই পরিবারকে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সৌরভের বাবা জনক রাজ এ ঘটনায় রামালা থানায় লিখিত অভিযোগ করেছেন। পরিবারের দাবি, প্রতিবেশীদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ হামলা হয়েছে।
রামালা থানার কর্মকর্তা রাকেশ কুমার শর্মা জানিয়েছেন, অভিযুক্ত ধীরজ ও মোনুকে গ্রেপ্তারের জন্য পুলিশের তিনটি বিশেষ দল গঠন করা হয়েছে। গ্রামে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সৌরভ ভারতের রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী প্রেসিডেন্টস বডিগার্ডের সদস্য। ১৭৭৩ সালে প্রতিষ্ঠিত এই বাহিনী ভারতীয় সেনাবাহিনীর অন্যতম পুরোনো রেজিমেন্ট।
সূত্র: হিন্দুস্তান টাইমস