ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানে দেখা হলেও তার সঙ্গে কখনো ঘনিষ্ঠ বা অর্থপূর্ণ আলোচনা হয়নি বলে জানিয়েছেন কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী। তার দাবি, মুখোমুখি হলে মোদি সাধারণত চোখে চোখ রেখে কথা বলেন না, বরং অন্যদিকে তাকিয়ে থাকেন।
নিজের নতুন স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ মোদি সম্পর্কে এমন নানা পর্যবেক্ষণ তুলে ধরেছেন সোনিয়া। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।
বইয়ে সোনিয়া লিখেছেন, মোদি ১২ বছরের বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী এবং বর্তমানে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। কিন্তু এত বছরেও তার সঙ্গে কার্যত কোনো প্রকৃত যোগাযোগ তৈরি হয়নি।
সংসদ অধিবেশন শেষে স্পিকারের কক্ষে বিভিন্ন দলের নেতাদের নিয়মিত বৈঠকের কথা উল্লেখ করে সোনিয়া বলেন, সেখানে মোদির সঙ্গে দেখা হলে দুজন আনুষ্ঠানিকভাবে ‘নমস্তে’ বিনিময় করেন। কিন্তু মোদি সাধারণত চোখে চোখ রাখেন না।
সোনিয়ার মতে, অতীতে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বিভিন্ন দলের নেতাদের মধ্যে পারস্পরিক সৌজন্য ও আন্তরিকতা ছিল। মোদির আচরণে সেই সৌজন্যের ঘাটতি দেখা যায়।
তিনি আরও জানান, জন্মদিন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় ছাড়া তাদের মধ্যে তেমন কোনো কথা হয়নি। শুধু কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতাল থেকে ফেরার পর মোদি তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
স্মৃতিকথায় সোনিয়া গান্ধী মোদি ও নিজের রাজনৈতিক আদর্শের পার্থক্য তুলে ধরেছেন। তার মতে, মোদির রাজনৈতিক চিন্তাধারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) আদর্শ দ্বারা প্রভাবিত। সেখানে নিজের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতিকে অন্যদের ওপর প্রাধান্য দেওয়ার প্রবণতা রয়েছে।
অন্যদিকে, নিজের বিশ্বাসের ভিত্তি হিসেবে স্বাধীনতা, সমতা এবং সব জাতি, ভাষা ও ধর্মের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা ভারতের কথা উল্লেখ করেছেন সোনিয়া।
তিনি লিখেছেন, মোদি যে ধরনের ভারত গড়তে চান, তার সঙ্গে নিজের কল্পনার ভারতের মৌলিক পার্থক্য রয়েছে। তার ভাষায়, তিনি লড়াই করছেন আধিপত্যের বিপরীতে একটি অন্তর্ভুক্তিমূলক ও ধর্মনিরপেক্ষ ভারতের জন্য।
সূত্র: এনডিটিভি