Image description

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও কংগ্রেসের প্রবীণ নেতা প্রণব মুখার্জির প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা ছিল, এমন আলোচনা দীর্ঘদিনের। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী। নিজের স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ তিনি দাবি করেছেন, ২০১০ সালে এক কথোপকথনে প্রণব মুখার্জি তাকে প্রধানমন্ত্রী পদে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।

সোনিয়া গান্ধীর ভাষ্য অনুযায়ী, প্রণব মুখার্জি একদিন তার সঙ্গে আলাপকালে বলেছিলেন, ‘সম্ভবত এবার শীর্ষ পদে পরিবর্তনের সময় এসেছে।’ সোনিয়ার ধারণা, এই মন্তব্যের মাধ্যমে প্রণব মুখার্জি নিজের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষার কথাই পরোক্ষভাবে প্রকাশ করেছিলেন।

স্মৃতিকথায় সোনিয়া গান্ধী লিখেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তার দায়িত্বের একটি অলিখিত বিভাজন ছিল। সরকার পরিচালনার দায়িত্ব ছিল মনমোহন সিংয়ের হাতে, আর দল পরিচালনার দায়িত্ব সামলাতেন তিনি নিজে। এই ব্যবস্থায় সরকার ও দলের মধ্যে সমন্বয়ও ভালোভাবেই চলছিল।

 
 
 

সরকার ও দলের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতি সপ্তাহে একটি কোর গ্রুপের বৈঠক হতো। ওই গ্রুপে মনমোহন সিং ও প্রণব মুখার্জি ছাড়াও ছিলেন অর্জুন সিং, এ কে অ্যান্টনি এবং আহমেদ প্যাটেল।

 
 

এছাড়া সংসদে উত্থাপনযোগ্য বিষয় নিয়ে আলোচনার জন্য স্ট্র্যাটেজি গ্রুপের বৈঠকেও তারা নিয়মিত অংশ নিতেন। সোনিয়া জানান, এসব বৈঠকের পর কখনো কখনো প্রণব মুখার্জি তার সঙ্গে আলাদা করে কথা বলতেন।

 

সোনিয়ার বর্ণনা অনুযায়ী, তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে প্রণব মুখার্জির গুরুতর মতপার্থক্য তৈরি হয়েছিল। ২০১০ সালের একদিন সেই অসন্তোষ প্রকাশের পরই প্রণব মুখার্জি শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের প্রসঙ্গ তোলেন। সোনিয়া বিষয়টিকে তার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছার ইঙ্গিত হিসেবে বুঝেছিলেন।

তবে পরিস্থিতি সামাল দিতে তিনি কৌশলে প্রসঙ্গ পরিবর্তন করেন। সোনিয়া লিখেছেন, এতে প্রণব মুখার্জি কিছুটা হতাশ হয়ে থাকতে পারেন, কিন্তু কখনোই তার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেননি।

স্মৃতিকথায় সোনিয়া আরও উল্লেখ করেছেন, ২০১২ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

প্রণব মুখার্জির জ্ঞান, রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতার প্রশংসা করে সোনিয়া লিখেছেন, রাষ্ট্রপতি হওয়ার পরও তার সঙ্গে দেখা করতেন, মূলত তার সঙ্গে নানা বিষয়ে কথা বলার জন্য।

সূত্র: এনডিটিভি