Image description
 
তুরস্ক ও আজারবাইজানের মধ্যে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া কূটনৈতিক অস্বস্তি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বাকু সফরের মধ্য দিয়ে অনেকটাই প্রশমিত হয়েছে বলে মনে করছেন তুরস্কের প্রভাবশালী দৈনিক ইয়েনি শাফাকের কলামিস্ট ইব্রাহিম কারাগুল। এরদোয়ান ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক যৌথ ছবি দুই দেশের সম্পর্কের স্বাভাবিকতা এবং পারস্পরিক আস্থার নতুন বার্তা দিয়েছে।
 
কারাগুলের মতে, দুই দেশের মধ্যে উত্তেজনার পেছনে ছিল ভুল বোঝাবুঝি, রাজনৈতিক সংবেদনশীলতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিতর্ক। বিশেষ করে আজারবাইজানে সরকারি প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞা নিয়ে অসন্তোষ এবং ইসরাইলের সঙ্গে বাকুর ঘনিষ্ঠতা নিয়ে তুরস্কে সমালোচনা পরিস্থিতিকে জটিল করেছিল। তবে এরদোয়ানের সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার সুযোগ তৈরি করেছে।
 
এই সম্পর্ক কেবল দ্বিপক্ষীয় কূটনীতির মধ্যে সীমাবদ্ধ নয়। আনাতোলিয়া থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত তুর্কি জনগোষ্ঠীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত ভবিষ্যতের সঙ্গে এর গভীর সংযোগ রয়েছে।
ককেশাসে ইসরাইলের কৌশলগত হিসাব
 
কারাগুলের বিশ্লেষণে ককেশাসে ইসরাইলের প্রভাব বিস্তারের চেষ্টা বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর দাবি, পূর্ব ভূমধ্যসাগরে গ্রিস ও সাইপ্রাস, দক্ষিণ এশিয়ায় ভারত, উপসাগরীয় অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত এবং ককেশাসে আজারবাইজানের সঙ্গে সম্পর্ক জোরদার করে তুরস্কের চারপাশে একটি কৌশলগত বলয় তৈরির চেষ্টা করছে ইসরাইল।
 
তাঁর আশঙ্কা, এই বলয়ের উদ্দেশ্য তুরস্কের আঞ্চলিক প্রভাব সীমিত করা এবং মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় আঙ্কারার বিস্তৃত অংশীদারত্বকে চাপে রাখা।
মধ্যপ্রাচ্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা
 
কারাগুলের মতে, আরব দেশগুলোর একটি বড় ভুল ছিল আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় বহিঃশক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। ইরাক, সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংকট দেখিয়েছে, বড় শক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সব সময় রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করে না।
তাই মধ্য এশিয়ার দেশগুলোকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন কিংবা ইসরাইলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিজস্ব জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। কোনো একটি শক্তির কৌশলগত অংশীদার হয়ে অন্য আঞ্চলিক রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া দীর্ঘমেয়াদে বিপজ্জনক হতে পারে।
 
তুরস্কের বৃহত্তর আঞ্চলিক পরিকল্পনা
তুরস্কের লক্ষ্য শুধু ককেশাস নয়; মধ্যপ্রাচ্য, পূর্ব ভূমধ্যসাগর, লোহিত সাগর ও আফ্রিকা পর্যন্ত বিস্তৃত নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলা। তুরস্ক–সৌদি আরব–পাকিস্তান সম্পর্ক এবং তুর্কি রাষ্ট্রগুলোর সহযোগিতাকে এই বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন কারাগুল।
 
তবে তাঁর বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, তুরস্ক ও আজারবাইজানের সম্পর্ককে সাময়িক রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে রাখা। দুই দেশের নেতাদের এখন প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তায় আরও কার্যকর চুক্তি করা প্রয়োজন।
সব মিলিয়ে কারাগুলের বক্তব্য, বিশ্বব্যবস্থার অস্থির সময়ে তুরস্ক ও আজারবাইজানকে ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে আরও শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলতে হবে। তাঁর কল্পিত লক্ষ্য একটি ‘সুপার বেল্ট’—আনাতোলিয়া থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত সহযোগিতার বলয়, যেখানে কোনো রাষ্ট্র বহিঃশক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিজেদের নিরাপত্তা ও উন্নয়নের পথ নির্ধারণ করতে পারবে।