Image description

মুসলিম না হয়েও খেলাফত পুনঃপ্রতিষ্ঠার পক্ষে মত দিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী অর্থোডক্স ইহুদি ধর্মীয় নেতা রাব্বি হাইম সোফার। তার মতে, মুসলিম শাসনামলে ইহুদি ও মুসলমানদের মধ্যে দীর্ঘদিনের সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার ঐতিহাসিক নজির রয়েছে। নিজের পরিবারের বাগদাদে বসবাসের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, মুসলিম প্রতিবেশীরা ইহুদিদের ধর্মীয় উৎসবেও সহযোগিতা করতেন।

হাইম সোফার জায়নবাদবিরোধী এবং ফিলিস্তিনপন্থি হিসেবে পরিচিত।

যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট ইসলাম২১সি তার বক্তব্য ও অভিজ্ঞতা নিয়ে ‘রাব্বি গিভস অ্যান ইসলামিক হিস্ট্রি লেসন’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছে। এর আগে ন্যারেটিভ হাউসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত তার একটি ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশ করে লিডার্স মেনা।

ধর্মীয় উৎসবে উপহার দিতেন মুসলিম প্রতিবেশীরা

নিজের পারিবারিক অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সোফার জানান, তাদের পরিবার বাগদাদে বসবাস করত। মুসলিম প্রতিবেশীদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল আন্তরিক।

ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব পাসওভার বা পেসাখ উপলক্ষে প্রতিবেশী মুসলমানেরা তাদের পরিবারের জন্য ভেড়া নিয়ে আসতেন।

মিসর থেকে ইসরাইলিদের মুক্তির স্মরণে পাসওভার উৎসব পালন করেন ইহুদিরা। এ উৎসব ঘিরে থাকে বিশেষ খাবার ও পারিবারিক আয়োজন। সোফারের ভাষ্য অনুযায়ী, উৎসবের খরচ বেশি হলেও মুসলিম প্রতিবেশীরা নিজেদের উদ্যোগে তাদের পরিবারের জন্য ভেড়া, শাকসবজি ও অন্যান্য খাদ্যসামগ্রী উপহার দিতেন।লিডার্স মেনার প্রতিবেদনেও এ স্মৃতির উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়, পাসওভার উপলক্ষে ভেড়ার পাশাপাশি আলু, খেজুর, শসা ও টমেটোও উপহার দিতেন মুসলিম প্রতিবেশীরা।

দরিদ্র ইহুদিদের জিজিয়া মওকুফের দাবি

খেলাফত আমলে জিজিয়া কর আদায়ের বিষয়েও নিজের বক্তব্য তুলে ধরেছেন সোফার। তার বর্ণনা অনুযায়ী, দরিদ্র ইহুদিদের কাছ থেকে এ কর নেওয়া হতো না। যাদের কর দেওয়ার সামর্থ্য ছিল না, তাদের ক্ষেত্রে কর মওকুফের পাশাপাশি কোনো কোনো সময় আর্থিক সহায়তাও দেওয়া হতো।

ইসলামি শাসনব্যবস্থায় জিজিয়া ছিল অমুসলিম প্রজাদের ওপর আরোপিত একধরনের কর। এর বিনিময়ে রাষ্ট্রের অধীনে তাদের জীবন ও সম্পদের সুরক্ষার বিধান ছিল। তবে বিভিন্ন সময়ে অঞ্চল ও শাসকভেদে জিজিয়া আদায়ের নিয়ম, পরিমাণ ও প্রয়োগে পার্থক্য ছিল।

খেলাফত আমলে ইহুদিদের জীবন কেমন ছিল?

সোফারের বক্তব্যে মুসলিম শাসনামলে ইহুদিদের ধর্মীয় ও সামাজিক জীবনের বিভিন্ন দিক উঠে এসেছে। তার মতে, মুসলিম শাসনের বিভিন্ন সময়ে ইহুদিরা নিজেদের ধর্মীয় পরিচয় বজায় রেখে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।

বিশেষ করে আব্বাসীয় খিলাফতের সময়ে বাগদাদ ইহুদি ধর্মীয় শিক্ষা ও জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। সুরা ও পুম্বেদিতার মতো ইহুদি শিক্ষাকেন্দ্রগুলোর সঙ্গে বাগদাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইহুদি সম্প্রদায়ের নেতারাও খলিফাদের দরবারের সঙ্গে যোগাযোগ রাখতেন। এ সময় বাগদাদের ইহুদি সম্প্রদায়ের বিকাশ ঘটে এবং শহরটি ইহুদি ধর্মীয় শিক্ষা ও পাণ্ডিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে।

খিলাফতের পক্ষে অবস্থানের কারণ

অতীতের স্মৃতিচারণের পাশাপাশি মুসলিম বিশ্বের রাজনৈতিক ঐক্য নিয়েও মত দিয়েছেন সোফার। লিডার্স মেনার প্রতিবেদন অনুযায়ী, মরক্কো থেকে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত একটি ঐক্যবদ্ধ ইসলামি কর্তৃপক্ষ বা খিলাফত প্রতিষ্ঠার পক্ষে তিনি অবস্থান নিয়েছেন। তার মতে, এ ধরনের ব্যবস্থা আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনিদের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।

প্রথম বিশ্বযুদ্ধের সময়কার সাইকস-পিকো চুক্তিরও সমালোচনা করেছেন তিনি। সোফারের মতে, ঔপনিবেশিক শক্তিগুলোর সিদ্ধান্তে অটোমান খিলাফতের অবসান এবং মধ্যপ্রাচ্যের বিভাজন মুসলিম বিশ্বের ঐক্যকে দুর্বল করেছে।

গাজায় ফিলিস্তিনিদের সুরক্ষায় মুসলিম নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনী গঠনের পক্ষেও মত দিয়েছেন তিনি। একই সঙ্গে মুসলিম ও ইহুদিদের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন।

জায়নবাদবিরোধী আন্দোলন নেটুরেই কার্তার সদস্য

হাইম সোফার যুক্তরাজ্যে বসবাসকারী একজন অর্থোডক্স ইহুদি রাব্বি। তিনি জায়নবাদবিরোধী আন্দোলন নেটুরেই কার্তার সদস্য। ১৯৩৮ সালে জেরুজালেমে প্রতিষ্ঠিত এ আন্দোলন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জায়নবাদী ধারণার বিরোধিতা করে।

সোফারের বাবা-মা ইরাকে জন্মগ্রহণ করেছিলেন। জায়নবাদী সহিংসতার কারণে ১৯৫০-এর দশকের শুরুতে তাদের ফিলিস্তিনে চলে যেতে হয়েছিল। সোফারের জন্ম ফিলিস্তিনে। তবে লিডার্স মেনার প্রতিবেদনে তাকে ইরাকি বংশোদ্ভূত রাব্বি হিসেবে উল্লেখ করা হয়েছে।

আলজাজিরার ‘দেজা ভু’ অনুষ্ঠানের একটি পর্বেও অংশ নিয়েছেন হাইম সোফার। ‘জিউস অ্যান্ড মুসলিমস লিভড টুগেদার ফর সেঞ্চুরিজ. ডিড জায়নিজম টিয়ার দেম অ্যাপার্ট?’ শিরোনামের ওই পর্বে ইহুদি পরিচয়, নির্বাসন, মুসলিম সমাজে ইহুদিদের ঐতিহাসিক জীবন এবং জায়নবাদবিরোধী আন্দোলন নেটুরেই কার্তার অবস্থান নিয়ে আলোচনা করেন তিনি।

ইতিহাসের ইতিবাচক ও নেতিবাচক দিক

মুসলিম শাসনামলে ইহুদিদের জীবন নিয়ে সোফারের বক্তব্যে মূলত সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতার ইতিবাচক দিকগুলো গুরুত্ব পেয়েছে। তবে জিজিয়া আদায়সহ বিভিন্ন ঐতিহাসিক বিষয়ে অঞ্চল ও সময়ভেদে পার্থক্য ছিল। ফলে তার বক্তব্যকে মুসলিম-ইহুদি সহাবস্থান নিয়ে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হিসেবে বিবেচনা করা যায়।

তার স্মৃতিচারণে মুসলিম প্রতিবেশীদের আন্তরিকতা, ধর্মীয় উৎসবে সহযোগিতা এবং সামাজিক নিরাপত্তার অভিজ্ঞতা উঠে এসেছে। একই সঙ্গে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে শাসক ও নীতির পরিবর্তনের সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থানেও পরিবর্তন ঘটেছে।

সূত্র: ইসলাম২১সি, লিডার্স মেনা, আলজাজিরা, এনসাইক্লোপিডিয়া ইরানিকা, ড. এলি আলশেখের গবেষণা ও জিউইশ ভার্চুয়াল লাইব্রেরি।

শীর্ষনিউজ