Image description

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধকে কার্যত শেষ বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সোমবার আকস্মিক এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। তবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলেও ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, ‘সামরিকভাবে ইরান কার্যত শেষ। ’ প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই আপাতত বর্তমান পরিস্থিতি বজায় রাখা হচ্ছে বলেও জানান তিনি।

ট্রাম্পের এ মন্তব্যে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর পক্ষ থেকে যুদ্ধ বন্ধের চাপের ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।


বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কাতারের প্রধানমন্ত্রী জানান, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির উপায় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘চুক্তিতে পৌঁছানো এবং এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক আলোচনার জন্য কৃতজ্ঞ। ’

তবে বর্তমান পরিস্থিতি বজায় রাখার অর্থ যে ইরানের ওপর চাপ কমানো নয়, সেটিও স্পষ্ট করেছেন ট্রাম্প। তিনি জানান, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে।

পাশাপাশি ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে নতুন উদ্যোগের মাধ্যমে স্থলপথে এবং কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধের চেষ্টা করা হবে।

ট্রাম্পের দাবি, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। তিনি বলেন, ‘তারা চায় আমরা বর্তমান অবস্থায় থাকি। অর্থাৎ আমাদের দেশের ইতিহাসে, সম্ভবত বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় নৌ অবরোধ অব্যাহত থাকুক।

শীর্ষনিউজ