একদিকে চলছে জোর গুঞ্জন– যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। অন্যদিকে চলছে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার তোড়জোড়। বরাবরের মতোই সাংঘর্ষিক বক্তব্য আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। ফলে ঠিক কী হতে চলেছে, তা এখনও অস্পষ্ট।
আলজাজিরার খবর বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতির অবসান ঘটাতে নতুন নির্দেশনা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান এ তথ্য।
ইরানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পেজেশকিয়ান বলেন, ‘সর্বোচ্চ নেতা আমাদের এই যুদ্ধহীন-শান্তিহীন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আবারও বড় পরিসরে হামলা শুরুর হুমকির পর কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তেহরান। পেজেশকিয়ান আরও বলেন, ‘আমরা মর্যাদা বজায় রেখে আলোচনা করতে পারি এবং একইভাবে মর্যাদার সঙ্গে এই বিষয়টির সমাধান করতে পারি।’
এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে হামলা চালানোর বিরোধিতা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এ বিষয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আলোচনা ও কূটনীতির মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব।’
এদিকে, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হওয়ার আশঙ্কা নেই বলে ট্রাম্পের বক্তব্যে আস্থা রাখতে পারছে না ইরান। দেশটির নেতারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ কার্যত এখনও শেষ হয়নি।
প্রায় প্রতি রাতেই হরমুজ প্রণালির বিভিন্ন স্থানে, বিশেষ করে কেশম দ্বীপে ইরানি লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা ঘটছে। ইরানের নেতাদের কাছে এসব হামলাই যুক্তরাষ্ট্রের বক্তব্যের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
ইরান যুদ্ধ বন্ধের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহেই হতে পারে এই আলোচনা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনঝেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপিইসি) সম্মেলনের ফাঁকে এ বৈঠকের সম্ভাবনা রয়েছে।
গত রোববার সাংবাদিকদের ট্রাম্প বলেন, চীন সফরে শি জিনপিং ও পুতিনের সঙ্গে আমার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। সেখানে পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তবে আলোচনার মূল লক্ষ্য ইরান যুদ্ধের অবসান ঘটানো।
এর আগে গত ২১ অক্টোবর ক্রেমলিন জানিয়েছিল, তিন নেতার মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে।
স্থল পথে অবরোধ
এদিকে ইরানের স্থল সরবরাহ পথগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধ কার্যকর হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তেহরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় অগ্রগতি হলে নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম বলেও জানিয়েছেন তিনি।
তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে ইরান পাল্টা ব্যবস্থা নেবে। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাব মেনে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
যুদ্ধ শুরুর সম্ভাবনা কম
ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরুর বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ফের যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।’ মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করলেন।
গতকাল সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে ট্রাম্প বৈঠক করেন। মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর এবারই প্রথম কোনো বিদেশি নেতার সঙ্গে বৈঠকে বসলেন তিনি।
নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ভোটের পর তিনি এখন দলের হারের জন্য ইরান যুদ্ধকে কারণ হিসেবে উল্লেখ করছেন। স্থানীয় সময় রোববার সিএনএনকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। এ সময় যুদ্ধের সম্ভাবনা নিয়ে ওই মন্তব্যের পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তিতে স্বাক্ষর করবে কিনা, সেটির ওপর বিষয়টি নির্ভর করছে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রয়োজন হলে আমি আবার হামলা চালাব। আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছি। এতটাই কঠোর আঘাত করেছি, যা আপনারা জানেন না।’
ট্রাম্পের এই সাক্ষাৎকারের আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক প্রভাব পর্যালোচনার জন্য শান্তি আলোচনা স্থগিত আছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘গত কয়েক দিন মধ্যস্থতাকারীদের তেমন কাজ ছিল না। কারণ যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল সবাইকে ধাক্কা দিয়েছে।’
আরাগচি আরও বলেন, এই ফলাফলের ধাক্কা কাটিয়ে উঠতে তাদের কতদিন সময় লাগে, তা দেখতে হবে। এরপর সামনে এগোনোর বিষয়টি ঠিক করা যাবে।