দুই বছর আগে মার্কিন সিনেটের সামনে তিনি বসেছিলেন একজন সাক্ষী হয়েঃ প্রশ্নের উত্তর দিতে, শুনতে, অপেক্ষা করতে। আর দুই মাস পর সেই একই কক্ষে তিনি ফিরলেন ভিন্ন পরিচয়ে, সিনেটর হয়ে। ডেট্রয়েটে বিজয়ের রাতে হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে তিনি যে বাক্য দিয়ে কথা শুরু করলেন, তা ছোট, অথচ তার ভার অনেক: “আমার নাম আব্দুর রাহমান মুহাম্মাদ আল-সায়্যিদ।”
এই নামটি সাধারণ কোনো নাম ছিল না, অন্তত এই নির্বাচনী মৌসুমে তো নয়ই। মাসের পর মাস এই নাম নিয়ে ঠাট্টা করেছেন খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট; কখনো তাঁকে ‘জিহাদি’ বলেছেন, কখনো বলেছেন, “যে নামে খুশি তিনি তাঁকে ডাকবেন”।
আমেরিকার সবচেয়ে প্রভাবশালী ইসরায়েলপন্থী লবি একটিমাত্র নির্বাচনে তাঁকে ঠেকাতে ঢেলেছে ত্রিশ মিলিয়ন ডলারেরও বেশি। ভোটের মাত্র দু’দিন আগে তাঁর নিজের দলেরই প্রাক্তন প্রতিদ্বন্দ্বী গিয়ে দাঁড়ালেন রিপাবলিকান প্রার্থীর পাশে, ঘোষণা দিলেনঃ “ভোট দেবেন তাকেই”।
তবু ৩ নভেম্বর ২০২৬-এর রাত শেষে হিসাব মিলল অন্যভাবে। মিশিগানের ডেমোক্র্যাট প্রার্থী ড. আব্দুর রহমান এল-সাইয়িদ হারিয়ে দিলেন রিপাবলিকান মাইক রজার্সকে। অ্যাসোসিয়েটেড প্রেস তাঁকে বিজয়ী ঘোষণা করল, আর দ্য নিউ ইয়র্ক টাইমস লিখল, তিনিই হতে চলেছেন মার্কিন ইতিহাসে প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর।
কে এই মানুষ? কত পথ পাড়ি দিয়ে তিনি এখানে এলেন, কোন কোন ঢেউয়ে তিনি প্রায় আছড়ে পড়তেছিলেন, আর ওয়াশিংটনে গিয়ে আসলে কতটুকুই বা বদলাতে পারবেন, এ লেখা সেই প্রশ্নগুলোর পেছনে হাঁটার চেষ্টা।
আলেকজান্দ্রিয়ায় জন্ম, মিশিগানে বেড়ে ওঠাঃ
গল্পটা শুরু হয় ভূমধ্যসাগরের তীরে, আলেকজান্দ্রিয়া শহরে। সেখানে বেড়ে ওঠা এক তরুণ, মুহাম্মাদ আল-সায়্যিদ, একদিন সাগর পেরিয়ে পাড়ি জমালেন আমেরিকায়, মিশিগানের ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডির স্বপ্ন নিয়ে। ১৯৮৪ সালের অক্টোবরে, ডেট্রয়েটের এক উপশহরে, তাঁর ঘর আলো করে এল এক পুত্রসন্তান। নাম রাখা হলো আব্দুর রাহমান।
শিশুটির মুখে প্রথম যে ভাষা ফুটেছিল, তা ইংরেজি নয়, আরবি। তিন বছর বয়সে বাবা-মায়ের পথ আলাদা হয়ে গেল; ছোট্ট আব্দুর রহমান বড় হতে থাকলেন বাবা আর সৎমা জ্যাকলিনের কাছে। জ্যাকলিন মিশিগানেরই মেয়ে, পেশায় প্রকৌশলী। এক ঘরে মিশে গেল আলেকজান্দ্রিয়ার স্মৃতি আর মার্কিন মধ্যপশ্চিমের মাটি।
কৈশোরে তিনি মাঠের মানুষ, হাই স্কুলে কুস্তি, আমেরিকান ফুটবল - তিন দলেরই অধিনায়ক। তারপর যেন একটা সিঁড়ির পর আরেকটা সিঁড়ি ডিঙিয়ে ওঠা। মিশিগান বিশ্ববিদ্যালয়ে স্নাতকদের পক্ষ থেকে বক্তৃতা; তারপর বিশ্বের অন্যতম মর্যাদাময় রোডস স্কলারশিপ, অক্সফোর্ডের প্রাচীন পাথরের অলিন্দে ডক্টরেট। সেই স্কলারশিপের আবেদনপত্রে তিনি একটি বাক্য লিখেছিলেন, যা পড়লে সূরা আল-মায়িদাহর বত্রিশ নম্বর আয়াতটি মনে পড়ে যায়: “আমার ধর্ম আমাকে শিখিয়েছেঃ “যে একটি প্রাণ বাঁচাল, সে যেন গোটা মানবজাতিকে বাঁচাল।” পরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি নিলেন, আর সেখানেই হলেন মহামারিবিদ্যার সহকারী অধ্যাপক। সবকিছু মিলিয়ে এক নিরাপদ, মসৃণ একাডেমিক জীবন তাঁর সামনে পড়ে ছিল। কিন্তু এক বিপর্যস্ত শহর তাঁকে ডাক দিল।
দেউলিয়া শহর, বিষাক্ত পানিঃ
২০১৫ সালের আগস্ট। ডেট্রয়েট, সবেমাত্র দেউলিয়াত্বের অন্ধকার থেকে মাথা তুলছে। শহরের মেয়র স্বাস্থ্য বিভাগের ভার তুলে দিলেন তিরিশ বছরের এই তরুণের হাতে। বলা হয়, মার্কিন কোনো বড় শহরে এত কম বয়সে কেউ আর এই দায়িত্ব পাননি। আর মাত্র এক ঘণ্টার পথ দূরে, ফ্লিন্ট শহরের মানুষ তখন নিজের অজান্তে গ্লাসে গ্লাসে সিসা খাচ্ছিল, যে কেলেঙ্কারি পরে গোটা আমেরিকাকে লজ্জায় ফেলে দেয়।
তরুণ স্বাস্থ্য কর্মকর্তা অপেক্ষা করেননি। ডেট্রয়েটের স্কুলে স্কুলে পানিতে সিসার খোঁজে পরীক্ষা চালালেন, বাতাসে বিষ ছড়ানোর অভিযোগে মুখোমুখি দাঁড়ালেন এক তেল শোধনাগারের।
২০১৭ সালে পদ ছাড়লেন। কারণ হিসেবে নিজেই বললেন ফ্লিন্টের কথা। যে ব্যবস্থা একটা শহরকে বিষ খেতে দেয়, তাকে ভেতর থেকে বদলাতে চান তিনি। বত্রিশ বছর বয়সে, কখনো কোনো নির্বাচিত পদে না বসেই, নামলেন গভর্নরের লড়াইয়ে। সাহস ছিল, হিসাব মেলেনি। ২০১৮ সালের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে গ্রেচেন হুইটমারের কাছে প্রায় একুশ পয়েন্টের বিশাল ব্যবধানে হার। রাজনীতির প্রথম পাঠটা তিনি পেলেন পরাজয়ের ভেতর দিয়েই।
হারের পর তিনি ফিরে গেলেন পুরোনো মাটিতে, জনস্বাস্থ্যে। ওয়েইন কাউন্টিতে চালু করলেন এক অভিনব কর্মসূচি: গরিব মানুষের কাঁধে চেপে থাকা চিকিৎসার দেনা কিনে নিয়ে মওকুফ করে দেওয়া। প্রতিবেদন অনুযায়ী, এক লাখেরও বেশি মানুষের প্রায় পচানব্বই মিলিয়ন ডলারের বোঝা এভাবে নেমে গেছে। মঁচের ভাষণের চেয়ে এই নীরব কাজগুলোই পরে তাঁর রাজনৈতিক পরিচয়ের ভিত হয়ে ওঠে।
টাকার পাহাড়ের বিরুদ্ধে প্রথম লড়াইঃ
২০২৫ সালের এপ্রিলে মিশিগানের সিনেটর গ্যারি পিটার্স জানালেন, তৃতীয়বার আর দাঁড়াবেন না। আসন খালি হলো, আর আল-সায়্যিদ আবার নামলেন মাঠে। এবার প্রতিপক্ষ কংগ্রেসওম্যান হেইলি স্টিভেন্স, দলের নেতৃস্থানীয়দের পছন্দের মানুষ, যাঁর পেছনে দাঁড়িয়ে সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার, এমনকি বিদায়ী পিটার্স নিজেও।
আর তাঁদের পেছনে, আরও বড় ছায়া হয়ে, আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি AIPAC। আল-সায়্যিদ গাজার যুদ্ধকে খোলাখুলি ‘গণহত্যা’ বলেছিলেন, ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবি তুলেছিলেন।
তিনি আরেক মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হলেন, তা হলো টাকার পাহাড়। স্টিভেন্সের সমর্থনে বাইরের গোষ্ঠীগুলো খরচ করল পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন ডলারেরও বেশি; তার মধ্যে ত্রিশ মিলিয়নের বেশি এল AIPAC-এর সুপার প্যাক ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট থেকে। একটিমাত্র নির্বাচনে এত টাকা সংগঠনটি আগে কখনো ঢালেনি।
কিন্তু এখানেই আল-সায়্যিদ একটা অদ্ভুত কাজ করলেন। প্রতিপক্ষের অস্ত্রকেই নিজের হাতে তুলে নিলেন। প্রতিটি বিজ্ঞাপন, প্রতিটি ডলার হয়ে উঠল তাঁর বক্তব্যের প্রমাণ: দেখুন, রাজনীতিতে লবি আর কর্পোরেটের টাকা কী করে। প্রায় বারো হাজার স্বেচ্ছাসেবক দরজায় দরজায় কড়া নাড়লেন তাঁর জন্য; পাশে এসে দাঁড়ালেন বার্নি স্যান্ডার্স আর আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ।
৪ আগস্টের রাতটা ছিল দীর্ঘ, স্নায়ু টানটান করা। ভোট গোনা গড়াল পরদিন ভোর পর্যন্ত; একবার এগোন, একবার পিছোন। শেষে মাত্র এক শতাংশ পয়েন্টের মতো ব্যবধানে জিতলেন আল-সায়্যিদ। স্টিভেন্স পরাজয় মেনে সমর্থন জানালেন। কিন্তু এটা ছিল কেবল প্রথম দরজা। এরপরের পথ আরও কণ্টকাকীর্ণ, কারণ এবার লড়াই টাকার থেকে সরে গেল নাম আর বিশ্বাসের দিকে।
একটি নামের বিরুদ্ধে যুদ্ধঃ
রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স, সাবেক এফবিআই এজেন্ট, সাবেক কংগ্রেসম্যান, ট্রাম্পের আশীর্বাদপ্রাপ্ত। তাঁর পক্ষে এক সমাবেশে ট্রাম্প ঘোষণা করলেন, তিনি এসেছেন এক “জিহাদি মুসলিম ব্রাদারহুড সদস্যের” সিনেটর হওয়া আটকাতে।
এরপর যেন বাঁধ ভাঙল। ট্রাম্প তাঁর নাম বিকৃত করলেন, নাইন-ইলেভেনের হামলাকারীদের সঙ্গে তুলনা টানলেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কোনো প্রমাণ ছাড়াই বললেন, তিনি শরিয়া আইনের সমর্থক। সিনেটর টেড ক্রুজ তাঁকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে সতর্ক করলেন। রজার্স নিজে বলতেন, তিনি ইসলামের বিরুদ্ধে নন, কেবল “উগ্র ইসলামপন্থী এজেন্ডার” বিরুদ্ধে। অথচ তাঁরই অনুমোদিত প্রচারপত্রে আল-সায়্যিদকে বলা হলো সন্ত্রাসী।
এত গুরুতর অভিযোগের ভিত্তি কী? খুঁজলে পাওয়া যায় মাত্র কয়েকটি সুতো। ২০১২ সালে তাঁর সৎবোন ইমান আব্দেলহাদির কিছু সামাজিক মাধ্যমে পোস্ট, যেখানে পরিবারের, বিশেষ করে সত্তরের দশকে, তাঁর জন্মেরও আগে, তাঁর মায়েরা, ব্রাদারহুড-ঘনিষ্ঠতার কথা আছে। আছে ২০১২ সালের একটি যৌথ খোলা চিঠি, যাতে আরও অনেক মিশরীয়-আমেরিকানের সঙ্গে তিনিও সদ্য-নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে সমর্থন জানিয়েছিলেন। আর আছে ২০১১ সালে মিশরের গণঅভ্যুত্থান নিয়ে তাঁর লেখা একটি মতামত কলাম।
আল-সায়্যিদ বোনের কথাগুলোকে “শোনা কথা” বলে সরিয়ে রাখলেন; বললেন, মায়ের সঙ্গে এ নিয়ে কখনো কথাই হয়নি। এক সভায় এক ভোটার সরাসরি জিজ্ঞেস করলেন, ব্রাদারহুডকে প্রত্যাখ্যান করবেন কি না। উত্তরটা এল এক নিঃশ্বাসে: “অবশ্যই, হ্যাঁ।” তারপর পাল্টা প্রশ্ন ছুড়লেনঃ “এই প্রশ্নটাই কি ইঙ্গিত করছে না যে, মুসলিম বলেই তাঁর আনুগত্য ভাগ হয়ে আছে”?
মিশিগানের সংবাদমাধ্যম ব্রিজ মিশিগান যাচাই করে দেখল, তিনি ব্রাদারহুডের প্রতি “সমর্থনের অঙ্গীকার” করেছেন, এমন কোনো প্রমাণ নেই। পলিটিফ্যাক্টও তাঁর সদস্যপদ বা সহিংসতার পক্ষে অবস্থানের কোনো চিহ্ন পায়নি। তবু সমালোচকদের একটা আপত্তি থেকে গেছে: ২০১২ সালের ওই চিঠিতে গণমাধ্যম আর পুলিশ “শুদ্ধ” করার যে আহ্বান ছিল, তার পূর্ণ ব্যাখ্যা কেউ দেয়নি, আর প্রচার শিবিরও এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রশ্নের জবাব দেয়নি।
কিন্তু রাজনীতিতে প্রমাণের চেয়ে প্রভাব অনেক সময় দ্রুত ছড়ায়। মিশিগান স্টেট ইউনিভার্সিটির এক জরিপে দেখা গেল, প্রতি পাঁচজন ভোটারের প্রায় দুজন (৩৮%) কোনো প্রার্থী মুসলিম শুনলেই পিছিয়ে যান। আরব আমেরিকানদের পীঠস্থান ডিয়ারবর্নের মেয়র জানালেন, শহরে এখন প্রতিদিন হুমকি আসে। কংগ্রেসওম্যান রাশিদা তালিবের কণ্ঠে এক মায়ের ভয়, নিজের দুই ছেলের জন্য তিনি উদ্বিগ্ন। অথচ বিদ্বেষের এই স্রোত উল্টো ঢেউও তুলল। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেট্রয়েটে এসে শান্ত গলায় মনে করিয়ে দিলেন, এই একই কৌশল একদিন তাঁর বিরুদ্ধেও খাটানো হয়েছিল, কাজ করেনি; মিশিগানেও করবে না।
নানা ঢেউএ জীবনে এলো প্রায় বিপর্যয়ঃ
এ গল্প কোনো নিখুঁত বীরের উপকথা নয়। তার জীবনে সব আঘাত বাইরে থেকে আসেনি; কিছু ক্ষত তিনি নিজেই সৃষ্টি করেছিলেন, আর প্রতিপক্ষ সেগুলো লুফে নিয়েছিল পরম আগ্রহে।
একটি সিনাগগ, একটি বাক্যঃ
২০২৬ সালের মার্চে ডেট্রয়েটের উপশহর ওয়েস্ট ব্লুমফিল্ডের টেম্পল ইসরায়েল সিনাগগে এক বন্দুকধারী গাড়ি নিয়ে ঢুকে পড়ে, গুলি চালায়। এক সপ্তাহ আগে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সে পরিবারের সদস্যদের হারিয়েছিল। আল-সায়্যিদ হামলার নিন্দা জানালেন, কিন্তু তার পরেই যোগ করলেন, “আঘাতপ্রাপ্ত মানুষ অন্যকে আঘাত করে”, “সহিংসতা একটা চক্র।” একজন এপিডেমিওলজিস্টের কাছে হয়তো এটা ছিল কারণ খোঁজার চেষ্টা; কিন্তু অনেকের কানে তা বাজল হামলাকারীর পক্ষে সাফাইয়ের মতো। মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল প্রকাশ্যে উদ্বেগ জানালেন। আগস্টের শেষে আল-সায়্যিদ অঙ্গরাজ্যের ইহুদি ডেমোক্র্যাটিক ককাসের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন, মেনে নিলেন, “আমি ভুল করেছিলাম।” রজার্স অবশ্য সেই ক্ষমাকে “লোক দেখানো” বলেই উড়িয়ে দিলেন।
এক স্ট্রিমারের ছায়াঃ
জনপ্রিয় বামপন্থী কনটেন্ট নির্মাতা হাসান পাইকার, যাঁর নামের সঙ্গে নাইন-ইলেভেন আর আমেরিকান ইহুদিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ জড়িয়ে আছে, আল-সায়্যিদের প্রচারণায় তাঁর পাশে দেখা দিলেন। সমালোচকেরা চাইলেন স্পষ্ট প্রত্যাখ্যান; আল-সায়্যিদ সেই পথে হাঁটলেন না। বললেন, পাইকারের কিছু কথার সঙ্গে তিনি একমত নন, আর পাইকার তাঁর প্রচার শিবিরের মুখপাত্র নন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে খানিকটা অধৈর্য হয়েই বললেন, ক্যালিফোর্নিয়ার এক স্ট্রিমারকে ঘিরে মিশিগানের নির্বাচন হচ্ছে না।
ঘরের ভেতরে ফাটলঃ
এসবের সম্মিলিত ভারে ডেমোক্র্যাট শিবিরে ফাটল ধরল। ভোটের মাত্র দুদিন আগে, যখন প্রতিটি ভোট সোনার মতো দামি, হেইলি স্টিভেন্স গিয়ে দাঁড়ালেন মাইক রজার্সের পাশে। বললেন, “আমি এখানে এসেছি সেই মানুষটির সঙ্গে, যাঁকে আমি ভোট দেব।” নিজের দলের ভেতর থেকেই উঠল নিন্দার ঝড়।
আরও একটি প্রশ্ন তাঁকে তাড়া করে ফিরেছে: তিনি চিকিৎসাবিজ্ঞানের ডিগ্রিধারী ঠিকই, কিন্তু হাসপাতালে রেসিডেন্সি প্রশিক্ষণ শেষ করেননি, মেলেনি প্র্যাকটিসের লাইসেন্সও। তাহলে তিনি কি সত্যিই ‘ডাক্তার’? তাঁর শিবিরের জবাবঃ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের সংজ্ঞা অনুযায়ী তিনি চিকিৎসকই। তর্কটা শেষ পর্যন্ত মীমাংসাহীনই থেকে গেল।
ইনশাআল্লাহ থেকে আলহামদুলিল্লাহঃ
৩ নভেম্বর। মিশিগানের ইতিহাসে এত ব্যয়বহুল নির্বাচন আগে কখনো হয়নি। বিজ্ঞাপন পর্যবেক্ষক সংস্থা অ্যাডইমপ্যাক্টের হিসাবে শুধু টেলিভিশন আর ডিজিটাল বিজ্ঞাপনেই উড়েছে প্রায় ২৭৮ মিলিয়ন ডলার। সন্ধ্যা গড়িয়ে রাত নামল, রাত গড়িয়ে মধ্যরাত। তারপর, মাঝরাত পেরোনোর খানিক পর, অ্যাসোসিয়েটেড প্রেসের ঘোষণা: আল-সায়্যিদ জিতেছেন।
সৎভাবে বলা দরকার, এ জয় একা আসেনি। সে রাতে সারা দেশে ডেমোক্র্যাটদের পক্ষে বয়ে গিয়েছিল এক প্রবল হাওয়া; সিনেটের নিয়ন্ত্রণও ফিরে এসেছে তাঁদের হাতে। ট্রাম্প নিজেও স্বীকার করলেন, এর পেছনে ইরান যুদ্ধেরও একটা ভূমিকা ছিল বলে তাঁর ধারণা। অর্থাৎ ঢেউয়ের পিঠে চড়েই তিনি তীরে এসেছেন। কিন্তু সে তীর এমন এক অঙ্গরাজ্য, যেখানে মাত্র দুবছর আগে জিতেছিলেন ট্রাম্প নিজেই।
ডেট্রয়েটের মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, “এতদিন আমি বলতাম, ইনশাআল্লাহ। আজ রাতে আমরা সেটাকে বানিয়ে দিলাম আলহামদুলিল্লাহ।” গর্জনে ফেটে পড়ল মিলনায়তন। তারপর মুখ ফেরালেন হোয়াইট হাউসের দিকে: “ডোনাল্ড, জানি, আমার নামটা বলতে আপনার কষ্ট হতো। জানুয়ারিতে জেডি আমাকে শপথ পড়াবেন; তারপর থেকে শুধু ‘সিনেটর’ বললেই চলবে।” তারপর আরও গভীর একটা কথা: ওরা হয়তো আমার নাম আর আমার ধর্মের দিকে আঙুল তুলেছে, কিন্তু আপনারা সবাই জানেন, পেট্রোলের দাম পোষাতে না পারার কারণ আমার নাম বা আমার ধর্ম নয়।
AIPAC-কেও ভোলেননিঃ
“আমার বিরুদ্ধে বিয়াল্লিশ মিলিয়ন ডলার খরচ করার জন্য ধন্যবাদ। আপনাদের দুবার হারানোর সুযোগ দিলেন।” (প্রকাশিত নথি অবশ্য বলছে, প্রাইমারিতে খরচটা ছিল ত্রিশ মিলিয়নের কিছু বেশি।) তবে সে রাতের যে বাক্যটি সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়ল মানুষের ফোনে ফোনে, তা ছিল ভাইস প্রেসিডেন্টের উদ্দেশে এক চিমটি: “জেডি, হাবিবি, কী মিষ্টি এক পরিহাস, সংবিধানই আপনাকে বাধ্য করছে জানুয়ারিতে আমাকে শপথ পড়াতে।”
সবাই অবশ্য মুগ্ধ হননি। সমালোচকেরা বললেন, এত তিক্ত এক লড়াইয়ের পরও বিজয়ের ভাষণে তিনি প্রতিপক্ষের দিকে একটিবারও মিত্রতার হাত বাড়াননি। আর ট্রাম্পও থামলেন না; জয়ের পরও তাঁকে বললেন “কমিউনিজম আঁকড়ে ধরা” এক “ইহুদিবিদ্বেষী”। ভোট ফুরিয়েছে, যুদ্ধ ফুরোয়নি।
একটি আসন, অনেক প্রত্যাশাঃ
উদ্যাপনের রঙ ফিকে হলে প্রথমে বিষয়টাকে তার নিজের মাপে দেখা দরকার। আল-সায়্যিদ প্রথম মুসলিম সিনেটর, কিন্তু কংগ্রেসে প্রথম মুসলিম নন, সে পথ খুলেছিলেন কিথ এলিসন, ২০০৬ সালে। সিনেটেও আরব বংশোদ্ভূত মানুষ আগে বসেছেন, জেমস আবু রেজক, স্পেনসার আব্রাহাম।
একশো আসনের ঘরে তিনি একটি কণ্ঠ মাত্র। ৩ জানুয়ারি যখন তিনি আসনে বসবেন, চারপাশে থাকবে এক ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠতা, যারা ইসরায়েল প্রশ্নে নিজেরাই দ্বিখণ্ডিত; আর হোয়াইট হাউসে এক প্রেসিডেন্ট, যাঁর কলমের এক খোঁচায় যেকোনো আইন আটকে যেতে পারে।
তবু একটি কণ্ঠও নিঃশব্দ নয়। বিজয়ের রাতে তিনি বলেছিলেন, আমেরিকার করদাতার টাকা যাওয়া উচিত মানুষের পকেটে, “বর্ণবৈষম্য, গণহত্যা কিংবা যুদ্ধে” নয়। আর সিনেটের নিয়মই তাঁকে একটা হাতিয়ার দিচ্ছে: যেকোনো সিনেটর অস্ত্র বিক্রির চুক্তি নিয়ে ভোটাভুটি আদায় করতে পারেন, যেমনটা করে আসছেন বার্নি স্যান্ডার্স। গত এপ্রিলে স্যান্ডার্স সেই ভোটে হেরেছিলেন ঠিকই, কিন্তু ইসরায়েলে বুলডোজার বিক্রি ঠেকাতে সাতচল্লিশ জন ডেমোক্র্যাটের মধ্যে চল্লিশ জনই দাঁড়িয়েছিলেন তাঁর পাশে। দেয়ালটা ভাঙেনি, কিন্তু তাতে ফাটল ধরেছে।
সম্ভবত তাঁর একটি ভোটের চেয়েও বড় কথা হলো, তাঁর জয় আমেরিকার মনের কোন বদলের দিকে ইঙ্গিত করছে। জরিপে মার্কিন ভোটারদের অর্ধেক বলেছেন, ইসরায়েলের প্রতি তাঁদের দেশের সমর্থন প্রয়োজনের চেয়ে বেশি। আর যে টাকা একসময় অনায়াসে প্রার্থীদের ভাগ্য লিখে দিত, এবার সে কলম কাজ করেনি।
তবে একটি কথা মনে রাখা জরুরি। আরবরা বা মুসলিমরা তাঁকে নির্বাচিত করেননি; করেছেন মিশিগানের কারখানা-শ্রমিক, গৃহিণী, ছাত্র, অবসরপ্রাপ্ত মানুষেরা। তাঁর স্লোগান ছিল সরল আর মাটির কাছাকাছি: “রাজনীতি থেকে টাকা সরাও, টাকা ফিরিয়ে দাও মানুষের পকেটে, সবার জন্য মেডিকেয়ার।” এই মানুষটিকে নায়কের আসনে বসানো সহজ, আবার খলনায়ক বানিয়ে দেওয়াও সহজ। কঠিন কাজটা হলো অপেক্ষা করা, দেখা, আসনে বসে তিনি আসলে কী করেন।
ইতিহাস বহুবার দেখিয়েছে, ওয়াশিংটন বড় ধৈর্যশীল শহর। সে বিদ্রোহীদের স্বাগত জানায়, তারপর ধীরে ধীরে তাদের নিজের ছাঁচে গড়ে নেয়। তাই শেষ প্রশ্নটা খোলাই থাকুক: আব্দুর রাহমান আল-সায়্যিদ কি ওয়াশিংটনকে বদলাবেন, নাকি ওয়াশিংটনই একদিন নিঃশব্দে বদলে দেবে তাঁকে?

