ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিলে ইসরাইলের অস্তিত্ব থাকত না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টারে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ট্রাম্প। এ সময় ইরানের বিরুদ্ধে তার সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।
ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রেখেছে এবং এর ফলে ইসরাইল ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমি যদি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতাম, তাহলে আজ ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না। ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত। ’
তার এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানের সঙ্গে যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চললেও দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।
তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
শীর্ষনিউজ