Image description

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। কন্টেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় সেটি তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তারা দেশটির একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মরিশাসের উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাই এলাকার মস্ক রোডে একটি প্রতিষ্ঠানের শিপিং কন্টেইনার রাখার স্থানে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম লে ডেফি মিডিয়া ও লেক্সপ্রেস এ খবর জানিয়েছে।

 

নিহত তিন বাংলাদেশি হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়দ ইসলাম (২৫)।

 

লে ডেফি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় প্রতিষ্ঠানের কর্মীরা একটি কন্টেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি বাক্স নামাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বাক্সটি তাঁদের ওপর পড়ে যায়। এতে চাপা পড়ে তিন শ্রমিকেরই মৃত্যু হয়। এ ঘটনায় কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

লেক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, বাক্সটিতে ৪১টি কাচের শিট ছিল। প্রতিটি শিটের আকার ছিল ৬ ফুট বাই ৮ ফুট। কন্টেইনার থেকে বাক্সটি বের করার সময় সেটি হঠাৎ উল্টে শ্রমিকদের ওপর পড়ে।

 

খবর পেয়ে প্লেইন-দে-পাপাই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। কী পরিস্থিতিতে ভারী কাচের বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় দেশটির শ্রম মন্ত্রণালয়ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করবে বলে জানা গেছে।

 

তদন্তে কর্মক্ষেত্রে নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, ভারী মালামাল ওঠানো-নামানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও পদ্ধতি ব্যবহার করা হয়েছিল কি না এবং শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ ও তত্ত্বাবধান ছিল কি না, সেসব বিষয় খতিয়ে দেখা হতে পারে।