Image description

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। বুধবার ভোরে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া আরও কয়েক ঘণ্টা চলতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ১৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঝড়ের আগাম সতর্কতায় দুই রাজ্য থেকে এক লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সর্বোচ্চ ২১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জলোচ্ছ্বাসে অন্ধ্রপ্রদেশের নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে, গাছপালা উপড়ে পড়েছে এবং বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়াগামী একাধিক ফ্লাইট এবং কিছু ট্রেন চলাচলও।

বুধবার ও বৃহস্পতিবারও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এখন পর্যন্ত দুই রাজ্যে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

সংবাদপড়ুন

 

ঘূর্ণিঝড়ের ‘অর্ণব’ নামটি প্রস্তাব করেছে বাংলাদেশ। উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়ের জন্য ২০২০ সালে বিশ্ব আবহাওয়া সংস্থা ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগে ১৩টি দেশের দেওয়া নামের তালিকায় এটি অন্তর্ভুক্ত করা হয়। বাংলায় ‘অর্ণব’ শব্দটি সমুদ্র বা সাগর অর্থে ব্যবহৃত হয়।

 

সূত্র: এনডিটিভি