Image description
ভারতের চেন্নাইয়ে ২১ বছর বয়সী এক যুবককে অপহরণ করে মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ (লোন) নিতে বাধ্য করেছে চার ছিনতাইকারী। পরে এটিএম থেকে সেই ঋণের ৯ হাজার ৫০০ রুপি তুলে নিয়ে তার মোবাইল ফোনও ছিনিয়ে নেয় তারা।
 
 
বুধবার (২১ অক্টোবর) কর্মকর্তারা জানান, অজয় নামের ওই যুবককে শহরের পাল্লিকারানাই এলাকায় অপহরণ করে একটি অটোরিকশায় বসায় চারজন। অজয় তাদের জানান, তার কাছে টাকা নেই। এরপর তারা তাকে মারধর করে এবং একটি অ্যাপের মাধ্যমে ঋণের আবেদন করতে বাধ্য করে।
 
ঋণ অনুমোদন হওয়ার পর ছিনতাইকারীরা একটি এটিএমে গিয়ে ৯ হাজার ৫০০ রুপি তুলে নেয়। এ সময় তারা অজয়ের মোবাইল ফোনটিও নিয়ে যায়।
 
ঘটনায় পাল্লিকারানাই থানায় মামলা হয়। তদন্তে পুলিশ চেন্নাইয়ের চার বাসিন্দাকে শনাক্ত করে। তারা হলেন সাই আবুতাকির ওরফে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালান (২৩) ও সঞ্জয় (২১)।
 
এক কর্মকর্তা জানান, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।