সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বাতিল ও স্থগিত করা হয় ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী অনেক ফ্লাইট। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ বুধবার সকাল ৮টা ২০মিনিটে চালু করেছে দাম্মামগামী ফ্লাইট। এ ছাড়া আগামী ২৫ অক্টোবর থেকে চালু করা হবে রিয়াদগামী ফ্লাইটও।
আজ দাম্মামগামী ফ্লাইট চালু হওয়ার বিষয়টি উল্লেখ করে বিমানের জনসংযোগ বিভাগ থেকে এক বার্তায় বলা হয়েছে, আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে পরিচালিত হবে এসব ফ্লাইট।
এ ছাড়া আগামী ২৫ অক্টোবর (রবিবার) রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান। বাংলাদেশ সময় অইদিন রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে ফ্লাইটটি যাত্রা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনাপূর্বক রিয়াদগামী অন্যান্য ফ্লাইটসমূহ পরিচালনার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, আগামীকাল বৃহস্পতিবার ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া, ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে একটি করে ফ্লাইট।
অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর থেকে যথারীতি পরিচালিত হচ্ছে। বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে এ রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
উল্লিখিত রুটসমূহে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হবে। টিকিট ক্রয়, বুকিং এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলা শুরুর পর বাতিল ও স্থগিত করা হয়েছে ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী কমপক্ষে ১৩৪টি ফ্লাইট। ফলে এ পর্যন্ত মোট ২০ হাজার ২৫৪ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।
বুধবার বিকালে এসব তথ্য জানিয়েছে বেবিচক। সংস্থাটির তথ্য অনুযায়ী, ১৩৪টি ফ্লাইটের মধ্যে সৌদির সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইট ৬১টি। বাকি ৭৩টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমানের ২২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারেরওয়েজের ১০টি ফ্লাইট।
অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি ও এয়ার ইন্ডিয়ার ৬টি ফ্লাইট রয়েছে।