Image description

গণগ্রেপ্তারের পরও আন্দোলন থেকে পিছিয়ে আসবে না বলে ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও একাধিক ছাত্র সংগঠন। রোববার স্থানীয় সকাল ১০টায় দিল্লির যন্তর মন্তরে ফের বিক্ষোভের ডাক দিয়েছে তারা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ বা অপসারণ না হওয়া পর্যন্ত প্রতিদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা। তাদের অভিযোগ, ভোট কারচুপি ও ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যোগসাজশে জড়িত জ্ঞানেশ কুমার।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলের শীর্ষ নেতারা আটক থাকায় আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্ক্য শিন্ডে। তিনি বলেন, গ্রেপ্তার করে আন্দোলন থামানো যাবে না। অন্যদিকে, স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য দেশজুড়ে ছাত্র আন্দোলন ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে পুলিশের অভিযানে হাজার হাজার মানুষকে আটক করা হয়। পরে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন চার সাবেক মুখ্যমন্ত্রী—অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন ও মানিক সরকার। দীপকের দাদির মৃত্যু হলেও তাকে শেষকৃত্যে অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে সিজেপি। তবে পুলিশ জানিয়েছে, তাকে শেষকৃত্যে যাওয়ার অনুমতি দেওয়ার কথা জানানো হয়েছিল।

এদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সোমবার বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। জোটের নেতারা প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেবেন বলে জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) স্থগিত, বাদ পড়া ১৩ কোটি ৩০ লাখ ভোটারের নাম পুনর্বহাল, ব্যালট পেপারে ভোট চালু এবং ভোট কারচুপির অভিযোগ ওঠা নির্বাচন বাতিলের দাবিও জানিয়েছে বিরোধী জোট।

বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বন্ধ রাখা হয় ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশপথ, বাতিল করা হয় ২৫০টির বেশি ট্রেন এবং যন্তর মন্তরের চার কিলোমিটার এলাকায় ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়।

বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ অবশ্য প্রধান নির্বাচন কমিশনার ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার পক্ষ নিয়ে বলেছেন, দেশের শাসন সংসদের মাধ্যমে চলবে, রাজপথের আন্দোলনের মাধ্যমে নয়।

দিল্লির পাশাপাশি মুম্বাই, আহমেদাবাদ ও চেন্নাইয়েও বিক্ষোভ হয়েছে। মুম্বাইয়ে সংহতি কর্মসূচি থেকে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীসহ প্রায় ২০০ জনকে আটক করে পুলিশ।

 

সূত্র: এনডিটিভি