রাশিয়ার পারমাণবিক সক্ষম একটি টিইউ-৯৫ বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে ছয়জন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশিক্ষণ ফ্লাইটের সময় চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। তবে, বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।
রুশ সামরিক বাহিনীর বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে রাশিয়ার মহাকাশ বাহিনীর একটি তদন্তকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দুর্ঘটনার পর জ্বলতে থাকা বিমান থেকে বিপুল পরিমাণ ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে, এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
টিইউ-৯৫ সোভিয়েত আমলে তৈরি একটি বড় বোমারু বিমান। এটি পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপ করতে পারে। বিমানটি প্রথম আকাশে ওড়ে ১৯৫২ সালে।
এরপর ১৯৫৬ সালে এটি রুশ সামরিক বাহিনীতে যুক্ত হয়। এখনো সামরিক মহড়াসহ বিভিন্ন কাজে এই বিমান ব্যবহার করা হয়।
রাশিয়ার দূরপ্রাচ্যে বিমান দুর্ঘটনার ঘটনা নতুন নয়। গত বছরের জুলাইয়ে খারাপ আবহাওয়ার মধ্যে একটি আন্তোনভ-২৪ বিমান তিন্দা শহরের দিকে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানে থাকা ৪৮ জনই নিহত হন।
এর আগে, ২০২১ সালের আগস্টে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। এতে ১৬ জন ছিলেন। তাদের অধিকাংশই পর্যটক ছিলেন।
সূত্র: আল-জাজিরা