সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক প্রোপাগান্ডা, প্রতিপক্ষের অপপ্রচার এবং দলের নেতাকর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে কঠোর আত্মসমালোচনামূলক দীর্ঘ পোস্ট দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ফাতেমা নাজনীন প্রিসিলা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি চাঁদাবাজি রোধে তৃণমূল পর্যায় থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি লেখেন, ‘আমার কথা বিএনপি, ছাত্রদল পড়বে, কিন্তু শুনবে না—জানি। তারপরও ভালোবাসা থেকে লিখছি। আমি নিশ্চিত, বিএনপি বা ছাত্রদল চাঁদাবাজি করে না কিংবা এর সঙ্গে জড়িত নেই। যা কিছু ভাইরাল হয়, সব মিথ্যা। কিন্তু এটা প্রমাণ করতে হবে। এজন্য তারেক রহমানের আন্তরিকতার কোনো কমতি নেই। বর্তমানে এনসিপি আর জামায়াত এমনভাবে পেছনে লেগে আছে, একটা চাঁদার গন্ধ পেলেই ওটাতে বিদেশি পারফিউম মেরে সারা বিশ্বে ভাইরাল করে দেয়।’
পোস্টে তিনি লেখেন, ‘বর্তমানে যা করণীয়: সারা দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায়ের নেতাকে দায়িত্ব দিতে হবে। যাঁর এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজি বা ছিনতাইকারী আছে, তাঁকে দ্রুত এগুলো বন্ধ করতে হবে; প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে হবে। প্রতিদিন উপজেলা, জেলা এবং কেন্দ্রে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে। যে এলাকায় চাঁদাবাজি হবে, সেই এলাকার কমিটির শাস্তি হবে। সেই এলাকা যে উপজেলা বা জেলার অধীনে, তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। এ বিষয়ে কঠোর না হলে সমস্যা। এ বদনামটা চিরদিনের মতো মুছতে হবে।’
‘জামায়াত-শিবির একটা ভুল করলে শুধু বিএনপির কিছু মানুষ শেয়ার করে, তেমন ভাইরাল হয় না। কিন্তু বিএনপি একটা ভুল করলে জামায়াত শেয়ার করে, এনসিপি শেয়ার করে, আওয়ামী লীগ শেয়ার করে, জাতীয় পার্টি শেয়ার করে। মিডিয়াগুলো শেয়ার করলে তাদের ব্যবসা ভালো হয়। সবাই ভালো টাইটেল দিয়ে নিউজ করে, ভালো ফটোকার্ড শেয়ার করে।’
তিনি আরও লেখেন, ‘সোশ্যাল মিডিয়া ও মিডিয়া সেক্টরে বিএনপি দুর্বল, ছাত্রদল ভীত। আমি যদি জামায়াত-শিবির নিয়ে পোস্ট দিই, জামায়াত-শিবিরের লোকজন এসে লাইক দেয়, শেয়ার দেয়। কিন্তু বিএনপি বা তারেক রহমানকে নিয়ে একটা পোস্ট দিলে সেখানে জামায়াত, আওয়ামী লীগ ও এনসিপির লোকজন এসে ‘হা হা’ দিয়ে যায়।’
প্রিসিলা লেখেন, ‘বিএনপি বা ছাত্রদলের অনেকে ভয়ে কোনো রিঅ্যাক্ট না দিয়ে নিরাপদে থাকে। তারা এনসিপি ও জামায়াত-শিবিরের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক খারাপ করতে চায় না। এরা কী ভাবে, কেন ভাবে—আমার জানা নেই। তবে এটা ভালো লক্ষণ নয়। এরা সুযোগের অপেক্ষায়। বিএনপি এবং ছাত্রদলের সবগুলো ফেসবুক আইডি চেক করলে দেখবেন, ওরা কতটা নিরাপদে থাকতে চায়। ওরা বিএনপির পোস্টও শেয়ার করে না। বিষয়গুলোর দিকে নজর দেওয়ার বিনীত অনুরোধ রইল।’