Image description

হুতিদের মোকাবিলা এবং সৌদি আরবের ভূখণ্ড ও মুসলিমদের পবিত্র স্থানগুলো রক্ষায় সৌদি নেতৃত্বাধীন জোটের সদস্য ও সীমান্তে অবস্থানরত সেনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

আল-ফাওজান বলেন, দেশের সীমান্ত পাহারা দেওয়া এবং যেকোনো আগ্রাসন প্রতিহত করা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সৌদি ভূখণ্ডের ‘এক ইঞ্চি’ জমির ক্ষতি করার চেষ্টা হলেও তা প্রতিহত করার আহ্বান জানান তিনি।

সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় এ নেতা আরও বলেন, ইয়েমেনে দেশটির বৈধ নেতৃত্বের অধীনে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

গ্র্যান্ড মুফতির এই বিবৃতির দিনই সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা হুতিদের ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। একই সঙ্গে পশ্চিম সৌদি আরবের তাইফ ও ইয়ানবু শহরে হামলার একটি চেষ্টা নস্যাৎ করার কথাও জানায় জোটটি।

গত জুলাই থেকে সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেড়েছে। ইয়েমেনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর এর প্রভাব সৌদি আরবেও পড়ছে।

সেপ্টেম্বরে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, রিয়াদ, মক্কা, তাইফ, ইয়ানবুসহ দেশটির বিভিন্ন শহর লক্ষ্য করে চালানো হুতিদের কয়েকটি হামলা প্রতিহত করা হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সৌদি আরবের ওপর হুতিদের হামলার নিন্দা জানায়। এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হওয়ার পাশাপাশি জ্বালানি স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি