জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চ ব্যবহার করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে স্বৈরাশাসক বলায় ক্ষুব্ধ হয়েছে আংকারা। এরদোয়ানকে ‘ভিত্তিহীন অভিযোগে’ আক্রমণ করা হয়েছে দাবি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান। খবর আনাদোলু এজেন্সির।
বুরহানেত্তিন দুরান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে তুরস্ক ও এরদোয়ানকে লক্ষ্য করে নেতানিয়াহুর মন্তব্য জাতিসংঘের প্রতিনিধিত্ব করা ‘শান্তি, আইন ও সংলাপের আদর্শের’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’-এ দেওয়া এক বিবৃতিতে দুরান বলেন, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর পরও তিনি জাতিসংঘের মঞ্চ ব্যবহার করে এরদোয়ানকে আক্রমণ করেছেন।
দুরান বলেন, এরদোয়ানকে লক্ষ্য করে নেতানিয়াহুর বক্তব্য গাজায় তার সরকারের গণহত্যা, সৃষ্ট মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক আইনের আওতায় চলমান বিচারিক প্রক্রিয়াকে আড়াল করতে পারবে না।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ও বিষয়টি দেখছে। নেতানিয়াহু আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি বিচ্ছিন্ন।
দুরান বলেন, এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ফিলিস্তিনিসহ নিপীড়িত মানুষের অধিকার, আরও ন্যায়সংগত বিশ্ব ও শান্তির পক্ষে অবস্থান অব্যাহত রাখবে। একই সঙ্গে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধেও তুরস্কের অবস্থান অব্যাহত থাকবে।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলে আক্রমণ করেন নেতানিয়াহু। তুরস্ক ইরান-সমর্থিত হামাসকে সমর্থন করছে বলেও অভিযোগ করেন তিনি।
সূত্র : আনাদোলু এজেন্সি