সিরিয়ায় গৃহযুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলার অভিযোগে ৯ সাবেক পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার জানিয়েছেন লাতাকিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আজিজ আল-আহমাদ।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে, নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তদন্তের পাশাপাশি প্রদেশজুড়ে ধারাবাহিক নিরাপত্তা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সানাকে জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ২০১১ সালে বিদ্রোহ শুরুর পর থেকে ওই ৯ পাইলট ৩ হাজার ২০০ ঘণ্টার বেশি সময় বিমান চালিয়েছেন এবং বিভিন্ন অভিযানে অংশ নিয়েছেন।
ওই পাইলটরা এমআই-২৪ অ্যাটাক হেলিকপ্টার, এসইউ-২২, মিগ-২৯ ও মিগ-২১ যুদ্ধবিমানসহ বিভিন্ন ধরনের সামরিক উড়োজাহাজ চালাতেন। তাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ, সিরিয়ার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছেন। তাদের দায়িত্বের মধ্যে ছিল যুদ্ধাভিযানে অংশ নেওয়া, বিদ্রোহীদের অবস্থান ও জনবসতিতে হামলা, গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত, স্থলবাহিনীকে কাছ থেকে বিমান সহায়তা দেওয়া, গোয়েন্দা নজরদারি এবং লক্ষ্যবস্তু শনাক্ত করা।
আল-আহমাদ বলেছেন, এই ৯ পাইলট এমন সব অভিযানে জড়িত ছিলেন, যাতে বিপুলসংখ্যক বেসামরিক মানুষ নিহত ও আহত হন। এসব অভিযানে শহর ও জনপদ, বাড়িঘর, বেসামরিক স্থাপনা ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বাসিন্দাদের বাস্তুচ্যুত হতে হয়।
২০১১ সালে বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের সময় সংঘটিত কথিত নির্যাতন ও অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার সিরিয়ার নতুন কর্তৃপক্ষের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ ১৪ বছর সশস্ত্র সংঘাতের পর ২০২৪ সালের শেষে দিকে আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করে বিদ্রোহীরা।