জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে চীনা স্যাটেলাইটের ছবি ব্যবহার করেছিল ইরান। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ইরান জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটির উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছিল। ওই ঘাঁটিতেই হামলা চালানো হয়।
তবে এসব ছবি ইরানকে সরবরাহকারী চীনা প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেননি মার্কিন কর্মকর্তারা। একই সঙ্গে বেইজিং সরাসরি এই হামলায় জড়িত ছিল—এমন অভিযোগও করেননি তারা।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা এ অভিযোগ চীনা কর্মকর্তাদের কাছে তুলেছিলেন। তবে চীনা কর্মকর্তারা অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং এর প্রমাণ দাবি করেন।
এর আগে মে মাসে ইরানকে এ ধরনের স্যাটেলাইট ছবি সরবরাহের অভিযোগে তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন।