Image description

ইয়েমেনে আবারও উত্তেজনা বাড়ছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় তাইজ ও হোদাইদাহ প্রদেশের জনবসতিপূর্ণ জেলাগুলো লক্ষ্য করে অন্তত ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতি যোদ্ধারা।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই সামরিক হামলার তথ্য নিশ্চিত করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মিডিয়া সেন্টার।

 

সামরিক সূত্রের বরাত দিয়ে মিডিয়া সেন্টারটি জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাইজ ফ্রন্ট এবং পশ্চিম উপকূলবর্তী বিভিন্ন জেলার ওপর দিয়ে উড়ে আসা বেশ কয়েকটি ড্রোন সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো পশ্চিম উপকূলে মোতায়েন থাকা সরকারি বাহিনীর কোনো ঘাঁটিতে আঘাত হানেনি।

 

আনাদালু বলছে, এ ছাড়াও পশ্চিম তাইজ প্রদেশের আল-বারহ ফ্রন্টের আল-কাদাহা সেক্টরে উভয়পক্ষের মধ্যে তীব্র স্থল সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ইয়েমেনি বাহিনী শত্রুপক্ষের গোলাবর্ষণ প্রতিহত করে এবং তাদের হামলার উৎসগুলো দমন করে বলে সামরিক সূত্রে দাবি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাহিনীর সর্বোচ্চ সতর্কতা ও ‘উচ্চ যুদ্ধ প্রস্তুতি’র প্রশংসা করা হয়েছে।

 

প্রায় ১২ বছর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে হুতি যোদ্ধারা রাজধানী সানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহর ও প্রদেশ নিজেদের দখলে নিলে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘাত শুরু হয়। পরবর্তীতে ২০২২ সালের এপ্রিল থেকে সেখানে কিছুটা যুদ্ধবিরতি ও তুলনামূলক শান্তি বিরাজ করছিল।

 

তবে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটে থাকা ইয়েমেনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পুনরায় উত্তেজনা দেখা দিয়েছে। বিশেষ করে মারিব, আল-জাওফ, আল-ধালিয়া এবং তাইজ প্রদেশে নতুন করে লড়াই ছড়িয়ে পড়েছে। ইরানের সমর্থনপুষ্ট হুতিরা গত জুলাই মাসে সৌদি আরবের ওপর একটি সামুদ্রিক অবরোধ ঘোষণা করার পর থেকে পুরো অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।