জর্ডানের ‘ক্যাম্প তিতিন’-এ মার্কিন মেরিন সেনাদের ব্যারাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার রাতে আকাবা উপসাগরের কাছে অবস্থিত সামরিক স্থাপনাটিতে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।
ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, হামলায় অনেক মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে ক্যাম্পটির বেশ কয়েকটি স্থাপনা এবং মার্কিন বাহিনীর ‘অ্যাটাক হেলিকপ্টার’ ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়।
এর আগে মঙ্গলবার দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার জবাবে পাল্টা আঘাত অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আইআরজিসি।
গত জুলাইয়ের পর রোববার রাতে প্রথমবারের মতো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে ‘কঠোর’ হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন।
এর পরই মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালায়।
ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে আলজাজিরা জানিয়েছে, হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর কুহেস্তাকের একটি আবাসিক এলাকাতেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। পাশাপাশি দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে মার্কিন হামলা অব্যাহত রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক, লাভান ও আসলুয়েহসহ বেশ কয়েকটি এলাকা হামলার লক্ষ্যবস্তু হয়েছে।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান পাল্টা আঘাত চালালে দেশটির ওপর আরও কঠোর হামলা চালানো হবে।
শীর্ষনিউজ