Image description

বিলিয়ন ডলারের বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া নতুন এই চুক্তিকে স্বাগত জানিয়ে এটিকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর।  

রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় ট্রাম্প সরকারের প্রশংসা করে এসব কথা লেখেন মার্কিন এই শীর্ষ কূটনীতিক।

সার্জিও গোর বলেন, চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি অসাধারণ চুক্তি হয়েছে। এর আওতায় বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ট্রাম্পের অবদান তুলে ধরে সার্জিও গোর বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট।

তার মতে, ট্রাম্প বেশি পারিশ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনীতিকে চাঙা করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

এর আগে, গত ৩০ জুলাই তিন দিনের সফরে ঢাকা এসেছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।