নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার দুই দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে নাটকীয়ভাবে উদ্ধার হওয়া মানিশা (৫) নামে এক শিশুকন্যাকে হাসপাতালে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। কাঠমান্ডুর টিচিং হাসপাতালের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, শিশুটি বর্তমানে সুস্থ ও স্থিতিশীল অবস্থায় রয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নেপালের রসুয়া জেলার সিয়াবরুবেসি এলাকার কাছে সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) একটি দল জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল। তল্লাশিকালে ধ্বংসস্তূপের নিচে কোনো বিড়াল আটকে আছে ভেবে উদ্ধারকর্মীরা অনুসন্ধান জোরদার করেন। ইট-পাথর ও ময়লা সরানোর পর পুলিশ সদস্য সঞ্জু খত্রির নেতৃত্বাধীন দলটি মানিশাকে সেখানে আটকা পড়া অবস্থায় দেখতে পায়। প্রায় দুই ঘণ্টার টানা প্রচেষ্টায় শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের সময় শিশুটি জীবিত থাকলেও প্রায় চেতনাহীন অবস্থায় ছিল বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। খারাপ আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে তাকে হেলিকপ্টারে সরিয়ে নেয়া সম্ভব হয়নি। পরে উদ্ধারকারীরা তাকে নিজেদের ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন এবং সেদ্ধ চালের পানি খাইয়ে তার চেতনা ফিরিয়ে আনেন। ভয় ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত শিশুটিকে পরদিন শনিবার বিকালে হেলিকপ্টারযোগে কাঠমান্ডুর টিচিং হাসপাতালের পেডিয়াট্রিক জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
রোববার হাসপাতালের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মানিশা দ্রুত সুস্থ হয়ে উঠছে এবং হাসপাতালে তার মা-বাবার সঙ্গে পুনর্মিলন ঘটেছে।