Image description

হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর চেষ্টা করছে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেড। ২ দিনের ভেতর লেস্টার সিটির এই মিডফিল্ডারের দলবদল চূড়ান্ত করতে চায় ক্লাবটি।

শেফিল্ড ইউনাইটেড তাদের রাইট-ব্যাক ফেমি সেরিকির চোটের পর বিকল্প খুঁজতে শুরু করেছে। তার চোটের গুরুতর কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও প্রথম পছন্দের এই খেলোয়াড়কে নিয়ে যেকোনো পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিচ্ছে দ্য ব্লেডস।

সেরিকির বিকল্প হিসেবে দলে আছেন ম্যাট ডোহার্টি। তবে গ্রীষ্মকালীন দলবদলে ফ্রি এজেন্ট হিসেবে শেফিল্ডে যোগ দেওয়া এই খেলোয়াড় এখনও পুরোপুরি দলের সঙ্গে মানিয়ে নিতে পারেননি। তাই নতুন বিকল্পের সন্ধানে নেমে পুরোনো পরিচিত মুখ হামজা চৌধুরীর দিকেই নজর দিয়েছে ক্লাবটি।

২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলেছিলেন হামজা। সে সময় দলকে প্লে-অফ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

হামজাকে ফেরাতে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে শেফিল্ড। তার মেডিকেলের ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে বিনা ট্রান্সফার ফিতেই ব্রামল লেনে ফিরবেন তিনি।

দলবদলের আনুষ্ঠানিকতা ও অন্যান্য বিষয় সময়মতো সম্পন্ন হলে বুধবার বোল্টনের বিপক্ষে হামজাকে পাওয়া যেতে পারে। ম্যাচটি শুরু হবে দলবদলের সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে। 

হামজাকে নিয়ে এর আগে আজারবাইজানের ক্লাব সাবাহ এফসিতে যাওয়ার গুঞ্জনও উঠেছিল। লেস্টার সিটিতে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় বিদেশের বিভিন্ন ক্লাবের আগ্রহের খবর সামনে আসে যার মধ্যে সাবাহ এফসির নামও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত হামজার পুরোনো ক্লাব শেফিল্ড ইউনাইটেডে ফেরার সম্ভাবনাই জোরালো হয়ে উঠেছে।