সীমান্ত নিরাপত্তা জোরদারে রাজ্য সরকারের সহযোগিতা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অভিযোগ করেছেন, আগের সরকারকে সীমান্ত নিরাপত্তার কাজে জমি দেয়ার জন্য বারবার অনুরোধ করেও সাড়া পাওয়া যায়নি। তবে সরকার পরিবর্তনের পর পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) শিলিগুড়ির রাণিডাঙায় সশস্ত্র সীমা বলের (এসএসবি) সীমান্ত সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন অমিত শাহ।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন,“ আগে প্রয়োজনীয় জমি পেতে কেন্দ্রকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এখন কেন্দ্রীয় সরকারের চিঠি যাওয়ার আগেই রাজ্য থেকে জমি দেয়ার অনুমোদন পাওয়া যাচ্ছে। ”
অমিত শাহ বলেন, “ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও জোরদার করতে ৫৬০ একর জমির প্রয়োজন ছিল। ”
তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দীর্ঘদিন এই জমি দিতে রাজি হয়নি।
তবে সরকার পরিবর্তনের পর জমি বরাদ্দের অনুমোদন পাওয়া গেছে।
এ জন্য বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান শাহ। পাশাপাশি শুক্রবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতির বিষয়টিও গুরুত্ব দিয়ে উল্লেখ করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে সরকারি ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত থাকতেন না বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
তার মতে, এবার মুখ্যমন্ত্রী নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকায় বিষয়টি উল্লেখ করার মতো।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জাতীয়তাবাদ ও ভারতের ঐতিহ্য নিয়েও বক্তব্য দেন অমিত শাহ। তিনি ‘বন্দেমাতরম’ গানটির পূর্ণাঙ্গ পরিবেশনের প্রসঙ্গ তুলে বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে গানটি পুরোপুরি পরিবেশিত হয়নি।
শাহের দাবি, ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথমবারের মতো ‘বন্দেমাতরম’ পূর্ণাঙ্গভাবে পরিবেশন করা হয়েছে। এর মধ্য দিয়ে গানটির যথাযথ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘বন্দেমাতরম’ পূর্ণাঙ্গভাবে পরিবেশনের মাধ্যমে নতুন প্রজন্ম ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী চিন্তা ও অবদান সম্পর্কে আরও ভালোভাবে জানার সুযোগ পাবে।
শীর্ষনিউজ