ভারতের রাজস্থানের জয়পুরে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাদের ‘পাকিস্তানি’, ‘শহুরে নকশাল’ ও ‘জাতীয়তাবিরোধী’ আখ্যা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২১ আগস্ট) জয়পুরের বাগরুর একটি সরকারি স্কুলের পরিস্থিতি দেখতে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সিজেপির সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কার নেতৃত্বে একটি দল গাড়িতে করে ওই এলাকায় যাওয়ার সময় কয়েকজন তাদের গাড়ি ঘিরে ধরেন। পরে তাদের ওপর হামলা চালানো হয়। হামলার কারণে স্কুলটি পরিদর্শন না করেই ফিরে আসতে হয় দলটিকে।
সিজেপির নেতা আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, ওই সরকারি স্কুলটি দীর্ঘদিন ধরে একটি গোয়ালঘরে পরিচালিত হচ্ছে।
গত বছরও তারা সেখানে গিয়েছিলেন। এবারের সফরের বিষয়টি পুলিশকে আগেই জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।
রাঙ্কার অভিযোগ, হামলায় তাদের স্বেচ্ছাসেবকদের মারধর, গাড়ি ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে। এক নারীকে মারধরের পাশাপাশি তার শার্ট ছিঁড়ে ফেলা হয়েছে এবং দলের এক সদস্যের হাত ভেঙে দেওয়া হয়েছে।এই হামলার জন্য কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করেছে সিজেপি। রাঙ্কা দাবি করেন, বিজেপির এক কাউন্সিলর বাইরে থেকে লোক এনে হামলা চালিয়েছেন এবং হামলাকারীদের মধ্যে অর্থ বিতরণ করতেও তাকে দেখা গেছে।
তবে হামলার জন্য গ্রামবাসীদের দায়ী করেছেন স্থানীয় বিজেপি নেতা ও এমএলএ স্বামী বালমুখন্দ্রচার্য্য। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গ্রামবাসীরা সিজেপির সফরের বিরোধিতা করেছেন। সিজেপি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
শীর্ষনিউজ