Image description

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ইসরায়েল পশ্চিম তীরে বিতর্কিত ই১ বসতি প্রকল্পের আওতায় ১ হাজার ২০০টির বেশি নতুন আবাসিক ইউনিট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করায় এই প্রতিক্রিয়া জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, জেরুজালেমের পূর্বদিকে অবস্থিত এই ভূখণ্ড দীর্ঘদিন ধরে একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ওই এলাকায় বসতি নির্মাণ করা হলে পশ্চিম তীর কার্যত বিভক্ত হয়ে পড়বে। এর ফলে ভৌগোলিকভাবে সংযুক্ত একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ইসরায়েলের এই ঘোষণা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতকে সম্মান করার ন্যূনতম ভানটুকুও পরিত্যাগ করেছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ই১ প্রকল্পে যেসব আন্তর্জাতিক কোম্পানি অংশ নেবে, তার সরকার তাদের বিষয়ে ‘সতর্কভাবে নজর রাখবে’ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে।

ই১ এলাকা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ রয়েছে। সমালোচকদের আশঙ্কা, সেখানে বড় আকারে ইসরায়েলি বসতি স্থাপন করা হলে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা আরও জটিল হয়ে পড়বে।

 

সূত্র: আল-জাজিরা