Image description

ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন বাংলাদেশির লাশ আজ দেশে এসে পৌঁছেছে। নিহতের পরিবারের চলছে শোকের মাতম।

শুক্রবার সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের লাশ পৌঁছায়। শুক্রবার বাদ মাগরিব কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

বিজ্ঞাপন

প্রায় দুই মাস পূর্বে ইতালির রোমে নিহত হন, চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) ও তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের একমাত্র ছেলে অয়ন। তিনি শুক্রবার বিকেলে লাশের সঙ্গে গ্রামের বাড়িতে পৌঁছে জানাজা ও দাফনে অংশ নেবেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে ইতালির রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে ছুরিকাঘাতে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী ও মেয়ে নিহত হন। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাদের ছেলে অয়নকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। গত ১১ আগস্ট ইতালির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় রোমের ক্যাসালোত্তি এলাকার পিয়াজ্জা ওর্মেয়ায় নিহত তিনজনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাদের লাশ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। 

 

 

এই ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হাকিম জানান, নিহতদের লাশ দেশে এসে পৌঁছেছে। ঢাকা থেকে সকাল ১০টায় নোয়াখালীর উদ্দেশ্য রওনা হয়েছে সন্ধ্যা সাতটায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমি জানাযায় অংশগ্রহণ করব। এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতালিতে মামলা হয়েছে।