Image description

যুক্তরাষ্ট্র যুদ্ধ ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত এবং ইরানের জব্দ সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান। একই সঙ্গে লেবানন ও গাজাসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানিয়েছেন ইরানের নতুন নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।

মঙ্গলবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রেজায়ি ইরানের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও অবরোধ বন্ধ, জব্দ করা ইরানি সম্পদ ছেড়ে দেওয়া এবং পুরো অঞ্চলে যুদ্ধবিরতি—এই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক যুদ্ধকালীন কমান্ডার-ইন-চিফ রেজায়ি জানান, ইরানের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রণালি খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

তার এই বক্তব্য ইরানের আগের নিরাপত্তাপ্রধান মোহাম্মদ বাঘের জোলঘাদর এবং সদ্য নিয়োগ পাওয়া সামরিক কমান্ডারদের অবস্থানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। ইরানি কর্মকর্তারা এরই মধ্যে জানিয়ে আসছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার সক্ষমতা ও ইচ্ছা দুটিই তেহরানের রয়েছে।

সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার প্রথম বৈঠকে চীনের রাষ্ট্রদূত কং পেইউয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন রেজায়ি।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে চীনের সঙ্গে ইরানের সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দেন তিনি। জাতিসংঘে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-সমর্থিত বিভিন্ন প্রস্তাবে চীন সমর্থন না দেওয়ায় বেইজিংয়ের প্রশংসাও করেন তিনি।

এ ছাড়া হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সম্ভাব্য কোনো সমঝোতার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নেই বলেও জানান রেজায়ি।

তবে ওমানের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। তেহরান গত সপ্তাহে জানিয়েছিল, বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীর্ষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় আছে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

এদিকে হরমুজ প্রণালির পাশাপাশি লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতেও সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। ফলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

শীর্ষনিউজ