গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যায় অংশ নেওয়া মার্কিন বংশোদ্ভূত এক ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। গাজা থেকে ফেরার পর তিনি পিটিএসডিসহ গুরুতর মানসিক সমস্যায় ভুগছিলেন বলে তার বন্ধু ও পরিচিতরা জানিয়েছেন।
২৫ বছর বয়সি উইলিয়াম শাকিন ২০২৩ সালের ৭ অক্টোবরের পর অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলে যান। বিশ্ববিদ্যালয় ছেড়ে ইসরাইলি সেনাবাহিনীতে যোগ দেন এবং পরে গাজায় ইসরাইলি সরকারের স্থল আক্রমণের সময় গোলানি ব্রিগেডের ১৩তম ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন।
বন্ধু ও পরিচিতরা জানান, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফেরার পর তার মানসিক স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে। শাকিন পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) ও অন্যান্য গুরুতর মানসিক সমস্যায় ভুগছিলেন।
তার স্বজনেরা আরো জানান, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে সহযোদ্ধাদের হারানোর পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হতে থাকেন।
ইসরাইলি সংবাদপত্র হারেৎজের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে অন্তত ১৮ জন ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। একই সময়ে সেনাদের মধ্যে পিটিএসডির ঘটনাও প্রায় ৪০ শতাংশ বেড়েছে।
সূত্র: প্রেস টিভি