ওমানের উপকূলের কাছে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক দিনে তেলের বিস্তার আরও বেড়েছে। এতে উপকূলীয় অঞ্চলের পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর গুরুতর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জাহাজটির নাম ক্যারোলিন বেজেঙ্গি। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য অনুযায়ী, এটি রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দর নভোরোসিস্ক থেকে অপরিশোধিত তেল নিয়ে সর্বশেষ যাত্রা শুরু করে।
সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, গত ৮ জুন ইয়েমেনের দক্ষিণাঞ্চলের মুকাল্লা বন্দরের কাছে জাহাজটি প্রথম সমস্যার কথা জানায়। প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, জাহাজে একটি বিস্ফোরণ ঘটেছিল।
২৮ জুলাইয়ের স্যাটেলাইট ছবিতে জাহাজটির চারপাশে পানির ওপর গাঢ় রঙের তেলের স্তর এবং ওমান উপকূলসংলগ্ন সংরক্ষিত সামুদ্রিক অঞ্চল আল-কিবলিয়াহ দ্বীপের উত্তরে তেলের দাগ দেখা গেছে।
ডাচ শান্তি সংস্থা প্যাক্সের রিমোট সেন্সিং বিশেষজ্ঞ উইম জুইনেনবার্গ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বলেন, গাঢ় তেলের স্তর থেকে ধারণা করা হচ্ছে, জাহাজটির অন্তত একটি তেল সংরক্ষণ অংশে ফাটল তৈরি হয়েছে এবং সেখান থেকেই অপরিশোধিত তেল সমুদ্রে ছড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, জুলাই ও আগস্টে এ অঞ্চলে চলা মৌসুমি বায়ুর কারণে সাগরের বৈরী আবহাওয়া দ্রুত তেল ছড়িয়ে দিতে পারে, যা পরিবেশগত ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে।
সূত্র : টাইমস অব ইসরায়েল