জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সেসব ধ্বংস করা হয়। খবর আল জাজিরার।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনের বরাতে আল জাজিরার খবরে এ তথ্য উল্লেখ করা হয়। তাতে আইআরজিসির এক বিবৃতির উল্লেখ রয়েছে।
আইআরজিসি দাবি করেছে, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার প্রতিক্রিয়ায় তারা আল-আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়।
আইআরজিসির দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানঘাঁটির রানওয়ে ও রক্ষণাবেক্ষণ স্থাপনায় হামলা চালানো হয়। এতে ঘাঁটিতে থাকা তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও তিনটি বিমানের বড় ধরনের ক্ষতি হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, হামলায় কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা এবং প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন।
আইআরজিসি বলেছে, ঘুমন্ত অবস্থায় নিরীহ পরিবারকে হত্যা করা বাহিনীর জন্য এই অঞ্চল কোনো জায়গা নয়। একই সঙ্গে তারা দাবি করেছে, ইসলামিক ভূখণ্ড থেকে শেষ মার্কিন দখলদারকে বিতাড়িত না করা পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে।