Image description

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে আসামের বন্যার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের ভেতর ৪ শিশু ও ৫ জন নারী রয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) রাতে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) এ তথ্য জানায়। খবর আসাম ট্রিবিউন।

টানা তিন দিনের বৃষ্টি এবং নাগা পাহাড় থেকে নেমে আসা নদীর অতিরিক্ত পানির কারণে রাজ্যটির প্রায় ৫ লাখ ৬৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এএসডিএমএর তথ্য অনুযায়ী, এখনো ৮৭২টি গ্রাম পানির নিচে রয়েছে। বন্যায় রাজ্যের ২৪ হাজার ২১০ দশমিক ৩৫ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি খোয়াংয়ের বুরিডিহিং এবং গোলাঘাট ও নুমালীগড়ের ধনশিরি নদীও বিপৎসীমার ওপর দিয়ে বইছে। শিবসাগরের দিখৌ এবং নাংলামুরাঘাটের দিসাং নদীও বন্যার স্তর অতিক্রম করেছে।

ক্ষতিগ্রস্ত ১০ জেলায় ২৭৩টি ত্রাণশিবির ও ত্রাণ বিতরণকেন্দ্র চালু রয়েছে। সেখানে ১২ হাজার ২৮৪ জন বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন।

সেনাবাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), ফায়ার সার্ভিস, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের যৌথ উদ্ধারকারী দল চরাইদেও, গোলাঘাট, যোরহাট ও শিবসাগর জেলা থেকে ৬ হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে।

এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) আসামের জন্য ইয়েলো অ্যালার্ট জারি করেছে। আগামী চার দিনে রাজ্যের বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।