দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে গত কয়েক বছর এক নতুন বাস্তবতার জন্ম দিয়েছে। শ্রীলঙ্কায় ২০২২ সালের গণবিক্ষোভ, ২০২৪ সালে বাংলাদেশের গণঅভ্যুত্থান এবং ২০২৫ সালে নেপালের রাজনৈতিক পালাবদল- এই তিনটি ঘটনায় একটি বিষয় ছিল অভিন্ন: তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান অসন্তোষ। সেই কারণেই দিল্লির সাম্প্রতিক আন্দোলনকে শুধু একটি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ হিসেবে দেখছেন না অনেক পর্যবেক্ষক। তাদের মতে, এর পেছনে রয়েছে আরও গভীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের প্রতিফলন।
ভারতের রাজধানীতে গত এক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি নামে পরিচিত ব্যঙ্গাত্মক আন্দোলন। নিট পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই বৃহত্তর জনঅসন্তোষের প্রতীক হয়ে উঠেছে। হাজার হাজার তরুণ-তরুণী রাস্তায় নেমে এসেছেন, আর সেই দৃশ্য অনেকের মনে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের স্মৃতি ফিরিয়ে এনেছে।
শিক্ষা আছে, চাকরি কোথায়?
যে কোনও বড় যুব আন্দোলনের অন্যতম চালিকাশক্তি হল শিক্ষিত বেকারত্ব। ভারতের ক্ষেত্রেও সেই বাস্তবতা ক্রমশ প্রকট হয়ে উঠছে। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে বের হলেও তাদের সবার জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। ফলে ডিগ্রি অর্জনের পরও অনিশ্চয়তার মুখে পড়ছেন অসংখ্য তরুণ।
এই প্রেক্ষাপটে পরীক্ষায় অনিয়মের অভিযোগ আরও বড় ক্ষোভের জন্ম দিয়েছে। সিজেপির অভিযোগ, মে মাসে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস লক্ষাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এছাড়া বহু পরীক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেন। আন্দোলনকারীদের দাবি, গত কয়েক বছরে বিভিন্ন রাজ্যে একের পর এক প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও কার্যকর সমাধান আসেনি। ২০২৪ সালে কঠোর আইন প্রণয়ন করা হলেও ২০২৬ সালেও একই ধরনের অভিযোগ সামনে আসায় পরীক্ষাব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
একটি মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাই প্রায়শই উন্নত জীবনের একমাত্র সিঁড়ি। সেই সিঁড়ির ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠলে ক্ষোভ যে বিস্ফোরিত হবে, তা অনেকের কাছেই অস্বাভাবিক নয়।

সামাজিক বৈষম্য
সমাজে বৈষম্য নতুন কিছু নয়। তবে ডিজিটাল যুগে সেই বৈষম্য এখন আগের যেকোনও সময়ের তুলনায় বেশি দৃশ্যমান। একজন তরুণ যখন চাকরি না পাওয়ার হতাশা নিয়ে সামাজিক মাধ্যমে স্ক্রল করছেন, তখন একই পর্দায় তিনি দেখতে পাচ্ছেন ক্ষমতাবান বা বিত্তশালী পরিবারের সন্তানদের বিলাসী জীবনযাপন, বিদেশে উচ্চশিক্ষা কিংবা বিশেষ সুযোগ-সুবিধার গল্প।
এই বৈপরীত্য ক্রমশ একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে। নেপালের সাম্প্রতিক আন্দোলনে ‘নেপো কিডস’ শব্দটি যেমন স্বজনপ্রীতির প্রতীক হয়ে উঠেছিল, তেমনই ভারতের তরুণদের একাংশের মধ্যেও সুযোগের অসম বণ্টন নিয়ে ক্ষোভ বাড়ছে বলে বিশ্লেষকদের অভিমত।
প্রতিষ্ঠানের প্রতি আস্থা কমে গেলে
যে সমাজে মানুষ বিশ্বাস করে অভিযোগ জানালে বিচার মিলবে, সেখানে অসন্তোষ সাধারণত প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু যখন নাগরিকদের মনে হয় তাদের কথা শোনা হচ্ছে না, অভিযোগের সুরাহা হচ্ছে না কিংবা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া তাদের নাগালের বাইরে চলে গেছে, তখন আন্দোলন রাস্তায় নেমে আসে।
দিল্লির সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই প্রশ্নকেই সামনে নিয়ে এসেছে। আন্দোলনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্লক হওয়া, কর্মসূচির ওপর বিধিনিষেধ, পদযাত্রার অনুমতি না পাওয়া এবং পরবর্তীতে সংঘর্ষ ও নির্মমভাবে বলপ্রয়োগ- এসবই বিতর্ককে আরও তীব্র করেছে। সমালোচকদের মতে, এ ধরনের পরিস্থিতি তরুণদের ক্ষোভকে প্রশমিত না করে বরং আরও উসকে দিতে পারে।

অপমানবোধ যখন রাজনৈতিক শক্তিতে রূপ নেয়
ইতিহাস বলছে, কেবল অর্থনৈতিক সংকট বা প্রশাসনিক ব্যর্থতা নয়, মানুষের সম্মানবোধে আঘাতও বড় রাজনৈতিক পরিবর্তনের কারণ হয়ে উঠতে পারে। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের অভিজ্ঞতায় দেখা গেছে, শুরুতে সীমিত দাবিতে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে বৃহত্তর রাজনৈতিক রূপ ধারণ করেছে।
বিশ্লেষকদের মতে, কোনও আন্দোলনের অংশগ্রহণকারীরা যদি মনে করেন তাদের উদ্বেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না কিংবা তাদের দাবিকে অবজ্ঞা করা হচ্ছে, তাহলে ক্ষোভ দ্রুত বিস্তৃত হতে পারে। তখন একটি নির্দিষ্ট ইস্যু ছাড়িয়ে আন্দোলন বৃহত্তর শাসনব্যবস্থা ও রাজনৈতিক নেতৃত্বকে ঘিরে প্রশ্ন তুলতে শুরু করে।

দিল্লির বার্তা
দিল্লির বর্তমান আন্দোলন আদৌ ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ বদলে দেবে কি না, তা এখনই বলা সম্ভব নয়। তবে এটুকু স্পষ্ট যে এটি শুধুমাত্র একটি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনা ঘিরে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে আছে কর্মসংস্থান, সামাজিক বৈষম্য, প্রাতিষ্ঠানিক আস্থা এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ।
দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ইতিহাস দেখিয়েছে, দীর্ঘদিন জমে থাকা অসন্তোষ কখনও কখনও অপ্রত্যাশিত মোড় নিতে পারে। দিল্লির রাজপথে জড়ো হওয়া তরুণদের কণ্ঠস্বর তাই শুধু একটি মন্ত্রীর পদত্যাগের দাবিতেই সীমাবদ্ধ নেই। তা একটি প্রজন্মের হতাশা, প্রত্যাশা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের বহিঃপ্রকাশ হিসেবেও দেখা হচ্ছে।