Image description

একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিউ যমুনা ব্রিজে যান প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে যুবক নদীতে ঝাঁপ দিলেও তার সঙ্গে থাকা তরুণী ঝাঁপ না দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরি দলের তৎপরতায় যুবককে জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুজন আগে থেকেই আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেতুতে কিছুক্ষণ কথা বলার পর আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।

তবে তার সঙ্গে থাকা তরুণী নদীতে ঝাঁপ না দিয়ে সেতুতেই দাঁড়িয়ে পুরো ঘটনা দেখেন। পরে তিনি শান্তভাবে সেখান থেকে হেঁটে চলে যান।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। কিছু সময়ের চেষ্টার পর আনু গুপ্তাকে জীবিত অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও নিরাপদ রয়েছেন।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শীর্ষনিউজ