ইরানের দক্ষিণাঞ্চলে বুধবার (১৫ জুলাই) মার্কিন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। একই দিনে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সামরিক ব্যারাকে ক্ষেপণাস্ত্র হামলায় সাত সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। তবে তিনি হামলার স্থান বা হতাহতের বিস্তারিত তথ্য জানাননি।
অন্যদিকে, বুধবার ভোরে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বাম্পুর শহরের একটি সামরিক ব্যারাকে যুক্তরাষ্ট্র ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। হামলায় ব্যারাকটির আবাসিক এলাকা ও সেনাসদস্যদের থাকার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ওই হামলায় ৩৮৮তম ব্রিগেডের সাত সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করা হবে। তিনি বলেন, তেহরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এর পরদিনই ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলার খবর আসে।