পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছে। এ সংঘর্ষে ১৫ বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) পাকিস্তানের বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্ড আনাদোলু এজেন্সিকে জানান, সোমবার রাতে পর্যটন এলাকা জিয়ারাত জেলায় পুলিশ ও সশস্ত্র
বিচ্ছিন্নতাবাদীদের এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। জিয়ারাতে একটি নির্মাণাধীন বাঁধের ওপর জঙ্গিরা হামলা চালালে পুলিশ সেখানে প্রতিরোধ গড়তে যায় এবং দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্ড বলেন, ‘পুলিশ পাল্টা হামলায় ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। অন্যদিকে, দুই কর্মকর্তাসহ আমাদের নয়জন পুলিশ সদস্য শাহাদাত বরণ করেছেন।’ নিহত পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার করে ইতোমধ্যে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
এই হামলার জন্য এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। তবে প্রাদেশিক মুখপাত্র রিন্ড এই নাশকতার জন্য পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) দায়ী করেছেন।
টিটিপি হলো পাকিস্তানে সক্রিয় কয়েকটি সশস্ত্র সংগঠনের সম্মিলিত জোট। পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে একে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে।
খনিজসমৃদ্ধ বেলুচিস্তান শত কোটি ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) গুরুত্বপূর্ণ রুট।
তথ্যসূত্র: আনাদোলু