ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে ছেয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি সংক্রান্ত ব্যানার।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, শোকার্ত ইরানিরা ‘কিল ট্রাম্প’ লেখা বড় বড় ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নিচ্ছেন।

প্রদর্শিত ওই ব্যানারে কেবল ট্রাম্পকে হত্যার আহ্বানই জানানো হয়নি, বরং প্রতীকীভাবে ‘ট্রাম্প’ শব্দটির মাঝখান দিয়ে একটি বুলেট চলে যাওয়ার চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে।
এ ছাড়া জানাজায় অংশ নেওয়া অন্যান্য শোকার্ত ইরানিদের হাতে আরও বেশ কিছু প্ল্যাকার্ড ও পোস্টার দেখা গেছে।
সেসব প্ল্যাকার্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও ছবি রয়েছে। এসব ছবিতে রয়েছে ‘দেয়ার উইল বি ব্লাড’ সংক্রান্ত লেখা।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনকে ঘিরে গত শুক্রবার থেকে তেহরানে নজিরবিহীন আয়োজন শুরু হয়।
শুক্রবার গ্র্যান্ড মোসাল্লা মসজিদে রাখা হয় খামেনির কফিন। সেখানে কূটনীতিক ও বিদেশি অতিথিরা শ্রদ্ধা জানান। শনিবার জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের গ্র্যান্ড মোসাল্লার সব দরজা খুলে দেওয়া হয়। রবিবার তেহরানে জানাজা শেষে আজ সোমবার রাজধানীর প্রধান সড়কগুলোয় অনুষ্ঠিত হয় শোকযাত্রা।
আগামীকাল মঙ্গলবার মরদেহ নেওয়া হবে পবিত্র নগরী কোমে। বুধবার কর্মসূচি সীমান্ত পেরিয়ে ইরাকের নাজাফ ও কারবালায় পৌঁছাবে। এরপর বৃহস্পতিবার খামেনির জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে।
সূত্র : আলজাজিরা