কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল অবস্থান করলেও সেখানে অবস্থানরত ইরানি কর্মকর্তাদের সঙ্গে তাদের কোনো ধরনের সরাসরি বৈঠক হচ্ছে না। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার বর্তমানে দোহায় রয়েছেন। তবে ইরানের সঙ্গে কোনো উচ্চপর্যায়ের সরাসরি বৈঠক এই মুহূর্তে পরিকল্পনায় নেই।
তিনি বলেন, মার্কিন প্রতিনিধিরা মূলত কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরানের চলমান পরোক্ষ আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেছিলেন, ইরানের অনুরোধেই এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ইরান তাৎক্ষণিকভাবে সেই দাবি নাকচ করে দেয়।
ইরানের জ্যেষ্ঠ আলোচক কাজেম গারিভাবাদি এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই স্পষ্ট করে জানান, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তেহরানের কোনো স্তরেই বৈঠকের সময়সূচি নির্ধারিত হয়নি।
তারা আরও জানান, কাতারে অবস্থানরত ইরানি কারিগরি দল মূলত মধ্যস্থতাকারীদের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি এবং সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে আলোচনা করতে এসেছে।
সূত্র: আল-জাজিরা