ফ্রান্সজুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ ফুটবলার কেনজো কিস। লিগ টু ক্লাব গ্যাংগঁর ২১ বছর বয়সী এই ফুটবলার রোন নদীতে ডুবে মারা গেছেন।
সোমবার লিওনের কাছে রোন নদীতে বন্ধুদের সঙ্গে নামেন কিস। ফ্রান্সে চলমান দাবদাহ থেকে কিছুটা স্বস্তি পেতেই তারা নদীতে গিয়েছিলেন। চলতি সপ্তাহে দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়।
জরুরি সেবাকর্মীরা নদী থেকে কিসের তিন বন্ধুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও কিসকে খুঁজে পেতে সময় লাগে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যু হয় তার।
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের সময় দেশজুড়ে ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।
কেনজো কিস ফরাসি ফুটবলের দুই ঐতিহ্যবাহী ক্লাব লিওঁ ও সাঁ-তেতিয়েনের যুব একাডেমিতে বেড়ে উঠেছিলেন। গত বছর তিনি গ্যাংগঁতে যোগ দেন এবং ক্লাবটির রিজার্ভ দলের হয়ে খেলছিলেন।
কিসের মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছে গ্যাংগঁ। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটি লিখেছে, “আমাদের তরুণ খেলোয়াড় কেনজো কিসের মৃত্যুর সংবাদ গভীর বেদনার সঙ্গে জেনেছি।” একই সঙ্গে তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছে ক্লাবটি।
সাঁ-তেতিয়েনও এক আবেগঘন বিবৃতিতে বলেছে, “গ্রিন জেনারেশন আজ শোকাহত। সাত বছর আমাদের রবার্ট হারবিন স্পোর্টস সেন্টারের সদস্য ছিল কেনজো। প্রতিভাবান ও ভদ্র এই তরুণকে সবাই ভালোবাসত। অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতিতে সে আমাদের ছেড়ে চলে গেছে।”
ক্লাবটি আরও জানায়, সতীর্থ, কোচ এবং ঘনিষ্ঠজনদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। “ল’এত্রার করিডোরে কেনজোকে কেউ কখনও ভুলবে না।”
এদিকে সাঁ-তেতিয়েন জানিয়েছে, আগামী মৌসুম শুরুর আগে জিওফ্রোয়া-গিশার স্টেডিয়ামে কেনজো কিসের স্মরণে বিশেষ শ্রদ্ধা নিবেদনের পরিকল্পনা করা হচ্ছে।
ফরাসি ফুটবলের সম্ভাবনাময় এক তরুণের এমন অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশটির ফুটবল অঙ্গনে।