ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, মানুষের জীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।
রদ্রিগেজ বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র, ডোমিনিকান রিপাবলিক, মেক্সিকো ও এল সালভাদরসহ বিভিন্ন দেশ থেকে উদ্ধারকর্মীরা ভেনেজুয়েলায় পৌঁছাতে শুরু করবে।
তিনি আরো জানান, যারা তাদের বাড়িঘর হারিয়েছেন, তাদের জন্য হোটেল ও আশ্রয়স্থল প্রস্তুত রাখা হয়েছে। জনসেবার জন্য অপরিহার্য নয় এমন সব শ্রেণিকক্ষ কার্যক্রম ও অন্যান্য কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে কারাকাসের উত্তরে লা গুয়াইরা রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন দেশটির অন্তর্বতী প্রেসিডেন্ট রদ্রিগেজ।
সেখানে কয়েক ডজন ভবন ধসে পড়েছে জানিয়ে তিনি একে ‘দুর্যোগ এলাকা’ এবং ‘একটি প্রকৃত ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।
ভূমিকম্পে ৩২ জন নিহত হওয়ার তথ্যের প্রসঙ্গে তিনি বলেন, এতে লা গুয়ারা রাজ্য থেকে আসতে পারে এমন কোনো সংখ্যাই অন্তর্ভুক্ত নয়।
এর আগে তিনি জানিয়েছিলেন যে, ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত ও ৭০০ জনের বেশি আহত হয়েছেন।
সিমোন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা সরকার। রদ্রিগেজ নিশ্চিত করেছেন যে টার্মিনালে গুরুতর ক্ষতি হওয়ায় কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সূত্র: বিবিসি