Image description

ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন-ইসরাইলি হামলার এমন এক জবাব দিয়েছে, যা আক্রমণকারী দেশ দুটির কেউ ‘কল্পনাও করতে পারেনি’ বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার এক সভায় বক্তব্য দেওয়ার সময় পেজেশকিয়ান বলেন, ইরান আজ তার শক্তিমত্তা ও আত্মমর্যাদার কারণে বিশ্বজুড়ে একটি ‘শক্তিশালী ও মর্যাদাপূর্ণ জাতি হিসেবে স্বীকৃত’।

শত্রুদের আগ্রাসী পরিকল্পনার সমালোচনা করে ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের শত্রুরা বিশ্বাস করেছিল... তারা মাত্র তিন দিনের মধ্যে ইসলামিক প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে এখানে তাদের পুতুল সরকার বসাতে পারবে।’

তিনি আরও যোগ করেন, ‘কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী এমন এক মহাকাব্যিক প্রতিরোধ গড়ে তুলেছে, যা শত্রু কখনো কল্পনাও করতে পারেনি।’

উল্লেখ্য, যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সম্পূর্ণ আত্মসমর্পণের দাবি জানিয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এবং তারা এখন কূটনৈতিক আলোচনার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।