ভারী বৃষ্টির মধ্যে জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে নিজের সামনেই এক পরিচ্ছন্নতাকর্মীকে খোলা ম্যানহোলে পড়ে যেতে দেখলেন মুম্বাইয়ের মেয়র রিতু তাওড়ে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর এনডিটিভি
বুধবার (২৪ জুন) সকালে দাদার, হিন্দমাতা ও গান্ধী মার্কেটসহ জলাবদ্ধতাপ্রবণ কয়েকটি এলাকা পরিদর্শনে যান মেয়র। এ সময় বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) সঙ্গে যুক্ত এক পরিচ্ছন্নতাকর্মী খোলা ম্যানহোলে পড়ে যান। ঘটনাটি মেয়রের সামনেই ঘটে।
এর পরপরই মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিরস্কার করেন। তিনি বলেন, কোনো ওয়ার্ডে খোলা ম্যানহোল পাওয়া গেলে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বরখাস্তও করা হতে পারে।
পরে এনডিটিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় রিতু তাওড়ে বলেন, নালা থেকে আবর্জনা সরানোর জন্য ম্যানহোলের ঢাকনা খুলে রাখা হয়েছিল। সেখানে সতর্কতামূলক চিহ্ন ও ব্যারিকেডও ছিল। নাগরিকদেরও এ ধরনের সতর্কবার্তা মেনে চলা উচিত।
মুম্বাইয়ে মঙ্গলবার ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। রাতভর বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন এবং দেয়াল ধসের মতো ঘটনাও ঘটেছে।
মেয়র জানান, রাস্তায় জমে থাকা পানি দ্রুত সরাতে বিভিন্ন স্থানে পাম্প বসানো হয়েছে। একই সঙ্গে নালা-নর্দমায় জমে থাকা আবর্জনা অপসারণের কাজও চলছে।