মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ করতে চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ‘নিজেদের পরাজয়’ মেনে নিয়েছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, আঞ্চলিক যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিটি ‘আমেরিকার পরাজয় ঘোষণা’।
বুধবার (২৪ জুন) আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত এক সম্মেলনে এই দাবি করেন তিনি। এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
ইরানের প্রধান আলোচক গালিবাফ বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ইসলামাবাদ সমঝোতা কোনো চাপ বা জোরজবরদস্তির ফল নয়। এটি ইরানি জনগণের প্রতিরোধ ও দৃঢ় অবস্থানের কারণে সম্ভব হয়েছে।
তিনি বলেন, ইরান মনে করে মধ্যপ্রাচ্য থেকে বিদেশি সেনাবাহিনীর চলে যাওয়া উচিত। এসব বাহিনীর উপস্থিতি স্থায়ী নিরাপত্তা আনেনি, বরং অস্থিরতা তৈরি করেছে।
গালিবাফ বলেন, ইরান এই অঞ্চলের ভবিষ্যতকে সংঘাতের নয়, সহযোগিতার; ধ্বংসের নয়, সহাবস্থানের ভিত্তিতে দেখতে চায়। যুদ্ধের সময় যেসব উপসাগরীয় দেশ ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল, তাদের প্রতিও এটি একটি বন্ধুত্বপূর্ণ বার্তা।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে লেবাননের যুদ্ধ বন্ধ হওয়া একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল। ইরানের জন্য লেবাননের যুদ্ধবিরতি তাদের নিজেদের যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ ছিল এবং এখনও আছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ শেষ হয়েছে একটি সমঝোতা চুক্তির মাধ্যমে। ইরানের নেতারা এই চুক্তিকে নিজেদের বিজয় হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।
যুদ্ধ চলাকালে পুরো অঞ্চলে অস্থিরতা তৈরি হয়। এর জবাবে ইরান জ্বালানি পরিবহনের একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ অবরোধ করে এবং উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর দিকে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
গত সপ্তাহে চুক্তিটি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। স্থায়ী সমাধানে পৌঁছানোর লক্ষ্যে একটি প্রক্রিয়া শুরু করেছে, যেখানে ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বে পরিবর্তন আনা হবে, কিন্তু শাসনব্যবস্থা দৃঢ়ভাবে বহাল থাকবে।