হরমুজ প্রণালি পার হতে জাহাজগুলো থেকে আগামী ৬০ দিন কোনো ফি নেবে না ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য আবেদনকারীদের ৬০ দিনের জন্য কোনো ফি দিতে হবে না।
সেই সঙ্গে পারস্য উপসাগরীয় জলপথ কর্তৃপক্ষকে দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে জাহাজ পারাপারের অনুরোধগুলো পর্যালোচনা করতে এবং সেগুলোর জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষ পরিস্থিতি ও হরমুজ প্রণালির কিছু নিরাপত্তাঝুঁকি বিবেচনায় জাহাজগুলোর জন্য তাদের ঘোষিত পথ ও সময় অনুযায়ী চলাচল করা জরুরি বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
এ ছাড়া মাইন অপসারণসহ অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি।