সুইজারল্যান্ডের একটি পাহাড়চূড়ার রিসোর্ট বুর্গেনস্টকে আগামীকাল শুক্রবার (১৯ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান ছাড়াও মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ও কাতার এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোও এই বৈঠকে অংশ নেবে। সেখানে চুক্তি বাস্তবায়নের প্রাথমিক আলোচনা হবে।
তবে বৈঠকের সময়সূচি বা বিস্তারিত কার্যসূচি সম্পর্কে আর কোনো তথ্য জানানো হয়নি।
সুইজারল্যান্ডে সরাসরি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য কোনো বৈঠক আপাতত হবে না— ইরানের এমন ঘোষণার পর এ তথ্য জানাল বের্ন।
এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন। সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে।