Image description

যুক্তরাজ্যের বেলফাস্ট শহরে অভিবাসনবিরোধী সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শত শত বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে জড়ো হয়ে একটি বাস ও বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া একটি আবাসিক ভবনেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সুদানের এক ব্যক্তি ব্রিটিশ নাগরিককে ছুরিকাঘাত করার জেরে গতকাল মঙ্গলবার শহরজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে ওই সুদানি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকের মুখেই মুখোশ ছিল। শহরের কেন্দ্রের কাছে একটি ভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা আবর্জনার পাত্রে আগুন ধরিয়ে দেয় এবং এরপর পেট্রোল বোমা নিক্ষেপ করে।

বেলফাস্টের প্রায় ২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত অ্যান্ট্রিমেও ভিড় করেন বিক্ষোভকারীরা।

উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ওনিল বিক্ষোভের তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

সামাজিকমাধ্যম এক্সে ওনিল লিখেছেন, মুখোশধারী একদল লোক নিরীহ পরিবারগুলোকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, এটি জঘন্য কাপুরুষতা ছাড়া আর কিছুই নয়। বর্ণবাদ, ভীতি প্রদর্শন এবং সহিংসতা যেখানেই ঘটুক না কেন, তা অন্যায়। আজ রাতের এই হামলাগুলোর কোনো অজুহাত বা যুক্তি থাকতে পারে না। আমাদের রাস্তায় এমন দৃশ্য কেউ দেখতে চায় না এবং আমি আবারও শান্ত থাকার আবেদন জানাচ্ছি।

গত সোমবার গভীর রাতে উত্তর বেলফাস্টে সংঘটিত ছুরি হামলার ঘটনায় অভিযুক্তকে মঙ্গলবার গভীর রাতে হত্যাচেষ্টা, জনসমক্ষে ধারালো অস্ত্র রাখা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে।

৩০ বছর বয়সী ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি এবং তাকে আজ বুধবার আদালতে হাজির করার কথা।

সূত্র: আলজাজিরা